দীর্ঘ দিন ধরে ভারতীয় ক্রিকেটে কোনও টাইটেল স্পনসর ছিল না। ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় শুরুর আগে অবশেষে সেটি ঠিক হল। জানা গিয়েছে, কোচির সংস্থা মুথুট ফিনকর্প ২০২৮ পর্যন্ত ভারতের টাইটেল স্পনসর হতে রাজি হয়েছে। ফলে আগামী দু’বছর ধরে প্রতি ম্যাচে ভারতীয় বোর্ড প্রায় পাঁচ কোটি টাকা করে পাবে।
টাইটেল স্পনসরশিপের নাম দেওয়া হয়েছে ‘ব্লু মুথুট’। ‘ক্রিকবাজ়’ ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, বোর্ড প্রতি ম্যাচে ৪.৮৫ কোটি টাকা করে পাবে। যদিও কেউ কেউ বলছেন, এই অঙ্ক বেশ কিছুটা কম হবে। বোর্ড এখনও আনুষ্ঠানিক ভাবে মুথুটের নাম ঘোষণা করেনি।
ভাল কোনও অর্থের প্রস্তাব পাওয়া যায়নি বলে এত দিন বোর্ড কোনও টাইটেল স্পনসর চূড়ান্ত করেনি। শোনা যাচ্ছিল কোনও সংস্থাই বোর্ডের টাইটেল স্পনসর হতে রাজি হচ্ছিল না। এর আগে যারা ছিল, সেই আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক প্রতি ম্যাচে ৪.২ কোটি টাকা করে বোর্ডকে দিয়েছে। সাধারণ ভারত দেশের মাটিতে যে সিরিজ় বা ট্রফি আয়োজন করে, সেটি টাইটেল স্পনসরে থাকা সংস্থার নামে হয়।
আরও পড়ুন:
যদি বিডিং প্রক্রিয়া অনুসরণ করা হত, তা হলে ১৩ অগস্টের মধ্যে টাইটেল স্পনসর নির্ধারিত হয়ে যাওয়ার কথা ছিল। কোনও সংস্থা রাজি না হওয়ায় বোর্ড নিজে থেকেই কিছু সংস্থার সঙ্গে কথাবার্তা চালায়। তাদের মধ্যে কিছু সংস্থা বোর্ডের সহযোগী স্পনসর হলেও টাইটেল স্পনসর হতে রাজি হয়নি। শেষমেশ রাজি হয়েছে কোচির মুথুট পরিবারের সংস্থা।
ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় থেকেই মুথুট ফিনকর্পের নাম যুক্ত হচ্ছে সিরিজ়ের সঙ্গে। যে সময় পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি রয়েছে, তার মধ্যে মোট ৩৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত। ১০টি টেস্ট, ১২টি এক দিনের ম্যাচ এবং ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে।