নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অজিত আগরকরের মেয়াদ শেষ হওয়ার পর ছেলেদের দলের নির্বাচক কমিটিতে এখন চার জন রয়েছেন। আগরকরের শূন্যস্থান পূরণ করার জন্যই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিসিআই।
গত ৪ অক্টোবর তিন বছরের মেয়াদ শেষ হয়েছে আগরকরের। তার আগেই ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের দল নির্বাচনের পর বোর্ডকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে চিঠি দেন আগরকর। এক বছর পর এক দিনের বিশ্বকাপ থাকলেও বোর্ড তাঁকে কাজ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেনি। আগরকরও মেয়াদ বৃদ্ধির জন্য বোর্ডের কাছে আবেদন করেননি। স্বভাবতই আগরকর যে আর প্রধান নির্বাচক থাকছেন না, তা তখনই নিশ্চিত হয়ে যায়। তাঁর মেয়াদ সরকারি ভাবে শেষ হওয়ার পর এক জন নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল।
আগ্রহীদের আগামী ১৪ অক্টোবরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। আগ্রহী প্রার্থীর অন্তত ৭টি টেস্ট এবং ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ অথবা ১০টি এক দিনের ম্যাচ এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। এর সঙ্গে সব ধরনের ক্রিকেট থেকে কমপক্ষে পাঁচ বছর আগে অবসর নিতে হবে। বিজ্ঞপ্তিতে বিসিসিআই বলেছেন, ‘‘বিসিসিআইয়ের মেমোরেন্ডম অফ অ্যাসোসিয়েশন এবং নিয়মাবলীতে সংজ্ঞায়িত কোনও ক্রিকেট কমিটির সদস্য হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন, এমন প্রাক্তন ক্রিকেটারেরা নির্বাচক পদের জন্য বিবেচিত হবেন না।’’ পক্ষপাতহীন এবং সচেতন ভাবে সম্ভাব্য সেরা ভারতীয় দল নির্বাচন করার কথাও বলা হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান হতে পারেন প্রজ্ঞান ওঝা। ৪০ বছরের প্রাক্তন স্পিনার ২৪টি টেস্ট খেলেছেন। কমিটির অন্য সদস্যেরা হলেন শিবসুন্দর দাস, অজয় রাতরা এবং আরপি সিংহ। নতুন নির্বাচক হিসেবে পার্থিব পটেলের নাম শোনা যাচ্ছে। তিনি নির্বাচক হলে, কমিটির চেয়ারম্যান হবেন। প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার ২৫টি টেস্ট খেলেছেন।