Advertisement
E-Paper

আইসিসির পুরস্কারের দৌড়ে শুভমন, অভিষেক-সহ চার ভারতীয়, সেরার তালিকায় রয়েছেন আরও দুই ক্রিকেটার

সেপ্টেম্বরের সেরা ক্রিকেটারদের যে তালিকা করা হয়েছে, তাতে তিন জন পুরুষ এবং তিন জন মহিলা ক্রিকেটারের নাম রয়েছে। তিন জনের মধ্যে থেকে একজন করে বেছে নেওয়া হবে। দু’টি তালিকাতেই দু’জন করে ভারতীয় রয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ ১৮:৫৩
Picture of Cricket

(বাঁ দিকে) অভিষেক শর্মা এবং শুভমন গিল (ডান দিকে)। — ফাইল চিত্র।

পুরস্কারের দৌড়ে একসঙ্গে ভারতের চার ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য যে চূড়ান্ত তালিকা তৈরি করেছে, তাতে জায়গা পেয়েছেন এশিয়ান গেমসে সোনাজয়ী অভিষেক শর্মা, শেফালি বর্মা এবং শ্রী চরণী। এশিয়ান গেমসের দলে না থাকলেও পুরস্কারের দৌড়ে রয়েছেন শুভমন গিলও।

সেপ্টেম্বরের সেরা ক্রিকেটারদের যে তালিকা করা হয়েছে, তাতে তিন জন পুরুষ এবং তিন জন মহিলা ক্রিকেটারের নাম রয়েছে। তিন জনের মধ্যে থেকে একজন করে বেছে নেওয়া হবে। ছেলেদের তালিকায় অভিষেক ছাড়াও রয়েছেন শুভমন গিল এবং জ়িম্বাবোয়ের সিকন্দর রাজা। মহিলাদের তালিকায় দুই ভারতীয় শেফালি এবং চরণীর সঙ্গে লড়াই শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাট্টুর।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম দু’টি এক দিনের ম্যাচে শতরান করেন শুভমন। প্রথম ম্যাচে ১১০ এবং দ্বিতীয় ম্যাচে অপরাজিত ২২৩ রানের ইনিংস খেলেন। জোড়া শতরানের সুবাদে শু‌ভমন জায়গা করে নিয়েছেন মাসের সেরা ক্রিকেটারদের তালিকায়। ভারতের টেস্ট এবং এক দিনের দলের অধিনায়ক আগে চার বার এই পুরস্কার পেয়েছেন।

শুভমনের সঙ্গে তালিকায় জায়গা পেয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু অভিষেক। তিনি সেপ্টেম্বর মাসে চারটি টি-টোয়েন্টি ম্যাচে ২২৯ রান করেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে ৩৪ বলে ১০৮ রানের ইনিংস খেলেন। ৩০ বলে শতরান করে নজির গড়েন। রোহিত শর্মার ৩৫ বলে শতরানের নজির ভেঙে ভারতীয়দের মধ্যে দ্রুততম হয়েছেন অভিষেক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে ভাল পারফরম্যান্সে জন্য তালিকায় জায়গা পেয়েছেন জ়িম্বাবোয়ে অধিনায়ক রাজ়াও।

পুরুষদের মতো মহিলাদের তালিকাতেও জায়গা করে নিয়েছেন দুই ভারতীয়। এশিয়া কাপে ১৮৪.৬১ স্ট্রাইক রেটে ৩৬০ রান করেছিলেন শেফালি। বল হাতেও ৬টি উইকেট নেন। এশিয়ান গেমসেও ভাল পারফর্ম করেন। সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন। ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে করেন ৪৮ রান। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য তালিকায় জায়গা পেয়েছেন শেফালি।

সেপ্টেম্বরে চরণীও নজর কেড়েছেন ২২ গজের লড়াইয়ে। সাতটি টি-টোয়েন্টি ম্যাচে ১৮টি উইকেট নেন। এশিয়ান গেমস ফাইনালে ১৩ রানে ২ উইকেট নেন। এই সাফল্যের কারণে আইসিসির ক্রমতালিকায় নজির গড়েছেন তিনি। তাঁর রেটিং পয়েন্ট এখন ৮১৭। মহিলাদের টি-টোয়েন্টি বোলারদের মধ্যে আগে কারও এত রেটিং পয়েন্ট হয়নি। লড়াইয়ে রয়েছেন আতাপাট্টুও। এশিয়া কাপ এবং এশিয়ান গেমসে ধারাবাহিক অলরাউন্ড পারফরম্যান্সের জন্য পুরস্কারের দৌড়ে ঢুকে পড়েছেন শ্রীলঙ্কার অধিনায়কও।

ICC Shubman Gill Abhishek Sharma Shafali Verma

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy