ফর্মে না থাকায় গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দলে আর সুযোগ পাননি সূর্যকুমার যাদব। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলতে চেয়েছিলেন। কিন্তু চণ্ডীগড়ের বিরুদ্ধে প্রথম ম্যাচের ১৬ জনের মুম্বই দলেও জায়গা হয়নি সূর্যকুমারের। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ককে এখন ঘরোয়া ক্রিকেটের জন্যও বিবেচনা করা হচ্ছে না। জানা গিয়েছে, কিছুটা শৃঙ্খলাজনিত কারণে মুম্বইয়ের রঞ্জি দলে জায়গা হয়নি সূর্যকুমারের।
মুম্বই দলে কেন নেওয়া হল না সূর্যকুমারকে? এই প্রশ্নের উত্তরে সংবাদসংস্থা পিটিআইকে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) এক কর্তা জানিয়েছেন, নির্বাচকেরা সর্বসম্মত ভাবে সূর্যকুমারকে দলে নিতে চাননি। ১০ দিনের প্রাক্ মরসুম প্রস্তুতি শিবিরে সূর্যকুমার যোগ দেননি। অনুপস্থিতির ব্যাপারে এমসিএ-কে কিছু জানাননিও। তাই দলে রাখা হয়নি তাঁকে। ওই কর্তা আরও জানিয়েছেন, একদম শেষ মুহূর্তে সূর্যকুমার রঞ্জি ট্রফি খেলার ইচ্ছাপ্রকাশ করেন। অথচ গত দেড় বছরে লাল বলের একটিও ম্যাচ খেলেননি। এমসিএর ওই কর্তা জানিয়েছেন, ইচ্ছা হলেই মুম্বইয়ের হয়ে খেলা যায় না।
তা হলে কি সূর্যকুমারকে রঞ্জি ট্রফিতে দেখতে পাওয়া যাবে না? মুম্বইয়ের প্রধান নির্বাচক রমেশ পাওয়ার বলেছেন, ‘‘সূর্যকুমার নিশ্চিত ভাবে বড় ম্যাচের খেলোয়াড়। মুম্বইয়ের হয়ে ওর দক্ষতা প্রমাণিত। আমরা চাই ও লাল বলের দু’-একটা ম্যাচ খেলুক। তা হলে প্রয়োজনীয় ছন্দটা পেয়ে যাবে। কারণ গত ১৮ মাসে সূর্যকুমার লাল বলের ম্যাচ একটাও ম্যাচ খেলেনি। তাই রঞ্জি ট্রফির দলে নেওয়ার আগে আমরা কয়েকটা স্থানীয় ম্যাচে সূর্যকুমারকে দেখে নিতে চাই।’’
আরও পড়ুন:
কয়েক দিন আগে সূর্যকুমার এমসিএ সভাপতি অজিঙ্ক নায়েক এবং নির্বাচকদের জানিয়েছিলেন, মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলতে চান। তাঁকে পুরো মরসুমই পাওয়া যাবে। কিন্তু ১৮ মাস লাল বলের ক্রিকেটের সঙ্গে সম্পর্ক না থাকা সূর্যকুমারকে সরাসরি রঞ্জিতে নামিয়ে দিতে রাজি নন মুম্বইয়ের কর্তারাও। তাঁরা চান ভারতের প্রাক্তন টি-টোয়েন্টি অধিনায়ক স্থানীয় পুলিশ শিল্ড বা পুরুষোত্তম শিল্ডের কয়েকটি ম্যাচ খেলুন। রাজ্য স্তরের লাল বলের প্রতিযোগিতা খেলে রঞ্জি দলে ঢুকুন। সূর্যকুমারের প্রাক্ মরসুম শিবিরে যোগ না দেওয়া এবং কারণ না জানানোর বিষয়টিকেও ভাল ভাবে নিচ্ছেন না এমসিএ কর্তারা। তবে সাদা বলের ক্রিকেটে সূর্যকুমারের খেলা নিয়ে কোনও প্রশ্ন নেই।