আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের প্রস্তুতি বৃহস্পতিবার থেকে শুরু করে দিয়েছেন গৌতম গম্ভীর। দিল্লিতে প্রথম দিনের অনুশীলনে অবশ্য ১০ জন উপস্থিত ছিলেন। দলের বাকি ক্রিকেটারদের শিবিরে যোগ দেওয়ার কথা শুক্রবারের মধ্যে। এর মধ্যেই দলের এক সদস্যকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ক্রিকেটারেরা বার বার চোট পাওয়ায় ভারতীয় দলের ফিজিয়ো কমলেশ জৈনের কাজ নিয়ে অসন্তোষ তৈরি হচ্ছিল। দলের কোচিং স্টাফেরাও গত ছ’-আট মাস ধরে তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলছিলেন। ক্ষোভ বাড়ছিল কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকরেরও। ঘন ঘন চোট-আঘাতের কারণে এক দিনের বিশ্বকাপের পরিকল্পনা ঠিক ভাবে করতে পারছেন না তাঁরা। শেষ পর্যন্ত কমলেশকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিল বিসিসিআই। সংবাদসংস্থা পিটিআইকে বোর্ডের এক কর্তা বলেছেন, ‘‘কমলেশ এখন নোটিস পিরিয়ডে রয়েছে। এশিয়ান গেমসে যে দল যাবে, আফগানিস্তানের বিরুদ্ধে সেই দলই খেলবে। এশিয়ান গেমস পর্যন্ত ফিজ়িয়ো এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ পরিবর্তন হচ্ছে না।’’
ভারতীয় দলের শিবিরে যোগ দেননি জোরে বোলিং কোচ মর্নি মর্কেলও। তিনি শ্রীলঙ্কা থেকে দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন। বোর্ডের ওই কর্তা বলেছেন, ‘‘মর্কেলের ওয়ার্ক ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। নতুন ভিসার জন্য ওকে দেশে ফিরতে হয়েছে। আশা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যেই মর্কেল ভারতীয় দলের সঙ্গে যোগ দেবে।’’
চোট সারিয়ে ওয়াশিংটন সুন্দর ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার অনুশীলনও করেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে খেলার ছাড়পত্র পেয়েছেন জসপ্রীত বুমরাহ এবং নীতীশ রেড্ডিও। শুক্রবার দলের সঙ্গে যোগ দিতে পারেন তাঁরা। দলীপ ট্রফি ফাইনাল খেলা তিন ক্রিকেটার ঈশান কিশন, বৈভব সূর্যবংশী এবং তিলক বর্মা সম্ভবত শুক্রবারই দলের সঙ্গে যোগ দেবেন।
প্রথম দিন একটি স্টাম্প রেখে বেশ কিছু ক্ষণ বল করানো হয়েছে ওয়াশিংটন এবং বরুণ চক্রবর্তীকে। গম্ভীর এবং স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে নজরে রেখেছিলেন তাঁদের। অনুশীলন করেছেন হর্ষিত রানার পরিবর্তে দলে ঢোকা যশ ঠাকুরও। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, অক্ষর পটেল এবং রবি বিশ্নোইও ছিলেন প্রথম দিনের অনুশীলনে। প্রায় ৪৫ মিনিট নেটে ব্যাট করেছেন অভিষেক। ফর্ম হারানো ওপেনার সাবলীল ব্যাটিং করেছেন নেটে। বিশ্নোই, বরুণ এবং দিল্লির স্পিনার হৃত্বিক শোকিনের বলে বেশ কয়েকটি আগ্রাসী শটও মেরেছেন অভিষেক।