Advertisement
E-Paper

চোট সমস্যায় জর্জরিত ভারতীয় দল, রবিবার লক্ষ্মণের সঙ্গে দেখা করবেন বোর্ড সচিব, দ্রুত সমাধান চায় বিসিসিআই

সাম্প্রতিক কালে একের পর এক ভারতীয় ক্রিকেটার চোট পেয়েছেন। শ্রীলঙ্কা সিরিজ়ের আগে সমস্যায় পড়েছে ভারতীয় দল। এর মাঝেই বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে (সিওই) যাচ্ছেন দেবজিৎ শইকীয়া। সেখানে ভিভিএস লক্ষ্মণের সঙ্গে বৈঠক করবেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৬ ২২:২৫
cricket

ভিভিএস লক্ষ্মণ (বাঁ দিকে) এবং দেবজিৎ শইকীয়া। — ফাইল চিত্র।

সাম্প্রতিক কালে একের পর এক ভারতীয় ক্রিকেটার চোট পেয়েছেন। শ্রীলঙ্কা সিরিজ়ের আগে সমস্যায় পড়েছে ভারতীয় দল। দ্বন্দ্ব লেগেছে প্রধান নির্বাচক এবং বোর্ড সচিবের। এর মাঝেই বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে (সিওই) যাচ্ছেন দেবজিৎ শইকীয়া। সেখানে সিওই প্রধান ভিভিএস লক্ষ্মণের সঙ্গে বৈঠক করবেন তিনি।

চোটের কারণে এই মুহূর্তে ভারতীয় দলের বাইরে জসপ্রীত বুমরাহ (হাঁটু), সাই সুদর্শন (বাঁ পায়ের গোড়ালি), হর্ষিত রানা (হ্যামস্ট্রিং), নীতীশ রেড্ডি (হ্যামস্ট্রিং) এবং ওয়াশিংটন সুন্দর (কোয়াড্রিসেপস)। এ ছাড়া আকাশ দীপ (পিঠের চোট) গত মরসুমে বাংলার রঞ্জি ট্রফি অভিযানের পর থেকেই আর খেলতে পারছেন না।

এ ছাড়া সাদা বলের বিশেষজ্ঞ হার্দিক পাণ্ড্য (কোয়াড্রিসেপস), বরুণ চক্রবর্তী (হ্যামস্ট্রিং) এবং প্রিন্স যাদবও (হ্যামস্ট্রিং) এই মুহূর্তে চোট সারাতে সিওই-তে রয়েছেন। ২০২৫-এ নীতীন পটেল চলে যাওয়ার পর থেকে সিওই-তে ক্রীড়াবিজ্ঞানের প্রধান কেউ নেই। ফলে চিকিৎসকদের বেশি কাজ করতে হবে। একের পর এক চোট আরও চাপ বাড়িয়েছে।

বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে বলেছেন, “হ্যাঁ, দেবজিৎ শইকীয়া রবিবার বেঙ্গালুরুতে এসে লক্ষ্মণের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখবেন। দু’জনের বৈঠকও হবে। সেখানে কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক প্রধান অজিত আগরকর অনলাইনে যোগ দেবেন কি না জানা নেই। শইকীয়া এবং লক্ষ্মণ এগিয়ে এসে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দেন কি না, সেটাই এখন দেখার।”

শোনা যাচ্ছে, সিওই এবং নির্বাচক কমিটির মধ্যে চোট নিয়ন্ত্রণ নিয়ে মতানৈক্য রয়েছে। চোট পুরোপুরি সারার আগেই কিছু ক্রিকেটারকে ফিট ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ। হর্ষিত রানার ঠিক এই সমস্যাই হয়েছে।

BCCI VVS Laxman Devajit Saikia

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy