Advertisement
E-Paper

বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত নিজেদের কাঁধে রাখতে নারাজ বিসিসিআই! কেন্দ্রীয় সরকারের কোর্টে বল ঠেলল বোর্ড

বাংলাদেশে ভারত খেলতে যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। এই সিদ্ধান্ত আর নিজেদের হাতে রাখতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। তারা দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় সরকারের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৬ ১৮:২৭
cricket

ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দফতর। —ফাইল চিত্র।

বাংলাদেশ বার বার প্রস্তাব দিচ্ছে। কিন্তু এখনও রাজি হয়নি ভারত। ফলে বাংলাদেশে ভারত খেলতে যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। এই সিদ্ধান্ত আর নিজেদের হাতে রাখতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। তারা দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় সরকারের।

বোর্ডের এক সূত্র জানিয়েছে, ভারত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতিনিয়ত নিজেদের মধ্যে কথা বলছে। বাংলাদেশে তিনটি এক দিনের ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ভারতের। তবে তা নিয়ে বাংলাদেশকে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি ভারতীয় বোর্ড।

এই প্রসঙ্গে ভারতীয় বোর্ডের এক সূত্র বলেছে, “আমরা আলোটনা করছি। বাংলাদেশে খেলতে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনুমতি প্রয়োজন। নিজে থেকে কোনও সিদ্ধান্ত নিতে পারব না। এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলব।”

কয়েক দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালও একই কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, “দুর্ভাগ্যজনক ভাবে ভারত সফর নিয়ে এখনও আমার কাছে নিশ্চিত কোনও খবর নেই। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে এখনও আমার আলোচনা চলছে। আমরা ইমেলে কথাবার্তা চালাচ্ছি। সব রকম চেষ্টা করছি, যাতে সিরিজ় হয়।”

ভারত-বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সংঘাতের প্রধান কারণ ছিল নিরাপত্তা। এই অজুহাত দেখিয়েই ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসেনি বাংলাদেশ। তাদের প্রতিযোগিতা থেকে বাদ দিয়েছিল আইসিসি। তার পর এই নিরাপত্তার কারণ দেখিয়েই বাংলাদেশে খেলতে যায়নি ভারত।

তামিম অবশ্য আশ্বস্ত করেছেন, এখন বাংলাদেশে ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হবে না। তিনি বলেন, “ভারত-বাংলাদেশ সিরিজ় মানেই অন্য উন্মাদনা। সাংবাদিক, সমর্থক, ক্রিকেটার সকলের কাছেই এই সিরিজ়ের গুরুত্ব অন্যরকম। তবে এ কথা বলতে পারি, বাংলাদেশে সুরক্ষার কোনও ত্রুটি হবে না। আমাদের যা পদক্ষেপ করার, সব করব।”

সেপ্টেম্বর মাসেই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ় রয়েছে ভারতের। যদি সেই সময় বাংলাদেশ সফরে ভারতীয় দল যায়, তা হলে আফগানিস্তান সিরিজ় স্থগিত করতে হবে। তাতে বিভিন্ন সমস্যা রয়েছে। তামিম অবশ্য সেই বিষয়ে মুখ খুলতে চাননি। তিনি বলেন, “একটা কথা বুঝতে হবে। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। কিন্তু আমারও কিছু সীমারেখা আছে। তার বাইরে যেতে পারব না। আমার যা দায়িত্ব পালন করছি। সকলের সঙ্গে কথা বলছি। সকলকে বোঝাচ্ছি, ভারত-বাংলাদেশ সিরিজ় হলে কী কী লাভ হবে।”

২০২২ সালে শেষ বার বাংলাদেশ সফরে গিয়েছিল ভারত। সে বার তিনটি এক দিনের ম্যাচ ও দু’টি টেস্ট হয়েছিল। এক দিনের সিরিজ় ২-১ জিতেছিল বাংলাদেশ। টেস্ট সিরিজ় ২-০ জিতেছিল ভারত। এ বার বাংলাদেশের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা। এখন দেখার, সেই সিরিজ় শেষ পর্যন্ত হয় কি না।

BCCI Bangladesh Cricket Board

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy