Advertisement
E-Paper

সৌরভ, যুবরাজদের নজরে বাংলার অলরাউন্ডার, আগামী আইপিএলে দিল্লির হয়ে খেলতে পারেন করণ

দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হতে পারে যুবরাজ সিংহকে। আগামী মরসুমের জন্য তরুণ প্রতিভাবান ক্রিকেটার খুঁজে নেওয়ার কাজ শুরু করে দিয়েছেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৬ ১০:৫৫
Picture of Cricket

(বাঁ দিকে) করণ লাল এবং সৌরভ গঙ্গোপাধ্যায় (ডান দিকে)। ছবি: এক্স।

অভিষেক পোড়েলের পর বাংলার আরও এক ক্রিকেটার আইপিএল খেলতে পারেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। বেঙ্গালুরুতে আয়োজিত দিল্লির ট্রায়াল ক্যাম্পে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং যুবরাজ সিংহের নজর কেড়েছেন করণ লাল। কর্ণাটকের ব্যাটিং অলরাউন্ডার শুভং হেগড়ের খেলা দেখেও খুশি সৌরভ, যুবরাজেরা।

অক্ষর পটেল, লোকেশ রাহুলেরা গত মরসুমে দিল্লিকে প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেননি। আইপিএলের পয়েন্ট তালিকায় ছয় নম্বরে শেষ করেছিল দিল্লি। আগামী মরসুমে ভাল ফল করার লক্ষ্যে এখন থেকেই দল তৈরির কাজ শুরু করে দিয়েছেন দিল্লি কর্তৃপক্ষ। বেঙ্গালুরুতে দেশের বাছাই করা তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের দেখা হয়। ট্রায়ালে সৌরভ, যুবরাজদের নজর কেড়ে নিয়েছেন বাংলার স্পিনার-ব্যাটার করণ। বল এবং ব্যাট হাতে নজর কেড়েছেন করণ। মনে করা হচ্ছে, আইপিএলের নিলামে থাকতে পারে করণের নাম। নিলাম থেকে তাঁকে কিনে নিতে পারেন দিল্লি কর্তৃপক্ষ। বাংলার আর এক ক্রিকেটার রোহিত যাদবও ট্রায়াল দিয়েছেন।

বাংলার অলরাউন্ডারকে ছাড়াও সৌরভদের পছন্দ হয়েছেন তরুণ আগ্রাসী ব্যাটার শুভংকে। বলও করতে পারেন তিনি। মহারাজা টি-টোয়েন্টি ট্রফিতে ২৫ বছরের শুভং ১৩৯.৩০ স্ট্রাইক রেটে ২৮০ রান করেছিলেন। ওভার প্রতি ৭.৬২ রান নিয়ে নেন ১৪ উইকেট। বিদর্ভের ব্যাটার আমন মোখাড়েকেও পছন্দ হয়েছে সৌরভদের। তাঁদের নজরে রয়েছেন দুই স্পিনার মধ্যপ্রদেশের শিবম শুক্ল এবং অন্ধ্রপ্রদেশের রবিকিরণ এম। এই তালিকা অবশ্য প্রাথমিক। আরও তরুণ ক্রিকেটারদের দেখতে পারেন দিল্লি কর্তৃপক্ষ। তার পর দলে নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তাঁরা। শেষ পর্যন্ত যাঁদের নেওয়ার কথা ভাবা হবে, তাঁদের নাম রাখা হবে নিলামের তালিকায়।

আগামী মরসুমে দিল্লির হেড কোচ হতে চলেছেন সৌরভ। ব্যাটিং কোচ হিসাবে যুবরাজের দায়িত্ব পাওয়াও প্রায় নিশ্চিত। তাই তাঁরাই নতুন ক্রিকেটারদের দেখে নিচ্ছেন।

IPL Karan Lal Sourav Ganguly Yuvraj Singh Delhi Capitals bengal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy