গোল করে লিয়োনেল মেসিকে উৎসর্গ করলেন রদ্রিগো ডি পল। শনিবার মারা গিয়েছেন লিয়োনেল মেসির বাবা জর্জ মেসি। সেই শোকের আবহেই খেলতে নেমেছিল ইন্টার মায়ামি। মেক্সিকোর মনতেরের বিরুদ্ধে লিগস কাপের ম্যাচ ছিল মায়ামির। খেলার শুরু সময় দু’দলের ফুটবলারেরা ১ মিনিট নীরবতা পালন করেন। এই ম্যাচেই গোল করার পর শোকার্ত অধিনায়ককে উৎসর্গ করেন আর্জেন্টিনার মিডফিল্ডার।
বাবার মৃত্যুর কারণে শনিবারের ম্যাচ খেলেননি মেসি। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন ডি পল। জাতীয় দলের মতো ক্লাব ফুটবলেও এখন মেসির সতীর্থ ডি পল। ম্যাচের ৩২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। গোল করার পর জার্সি খুলে ফেলেন। নিজের জার্সির ভিতরে পরেছিলেন মেসির জার্সি। ডি পল নিজের জার্সি খুলতেই বেরিয়ে আসে ভিতরে থাকা মেসির নাম লেখা ১০ নম্বর জার্সি। সেই জার্সি দেখিয়ে সমর্থকদের পাশে থাকার আবেদন জানান ডি পল।
মেসির বাবার মৃত্যুর খবর পাওয়ার পর থেকে নানা ভাবে শ্রদ্ধাজ্ঞারন করছেন মায়ামি কর্তৃপক্ষ। ম্যাচ শুরুর আগে নীরবতা পালনের সময়ও ন্যু স্টেডিয়ামের স্ক্রিনে ভেসে ওঠে জর্জের ছবি। ডি পলেরা খেলতে নেমেছিলেন কালো বাহু বন্ধনী পরে। ম্যাচের ১০ মিনিটেও মায়ামি সমর্থকেরা শ্রদ্ধা জানান জর্জকে। মেসির নামে স্লোগান দেন তাঁরা। অনেকের হাতে ছিল পতাকা। তাতে লেখা ছিল, ‘শক্ত থাক লিয়ো’। বাবার মৃত্যুর খবর পেয়ে শনিবারই রোজারিয়োয় চলে গিয়েছেন মেসি।
বক্সের বাইরে থেকে কাসেমিরোর কাছ থেকে বল পেয়ে গোল করেন ডি পল। দলকে ৩২ মিনিটে এগিয়ে দিলেও জেতাতে পারেননি। ১-২ ব্যবধানে হরে গিয়েছেন তাঁরা। ৪৭ মিনিটে মনতেরের হয়ে সমতা ফেরান হুগো কুইপার। এর পর ৯০ মিনিটে মেক্সিকোর ক্লাবটির হয়ে দ্বিতীয় গোল করেন দিয়েগো রোসি।