গ্রেফতারির বিরুদ্ধে দ্রুত শুনানির আবেদন করেছিলেন অভিষেক পোড়েল। কিন্তু সেই আবেদনে সাড়া দিল না হাই কোর্ট। আদালতে ধাক্কা খেলেন ধর্ষণে অভিযুক্ত বাংলার ক্রিকেটার। বিচারপতি জানিয়ে দিয়েছেন, চাইলে জামিনের আবেদন করতে পারবেন অভিষেক। তবে দ্রুত শুনানি হবে না। তালিকা মেনেই শুনানি হবে।
সোমবার কলকাতা হাই কোর্টে দ্রুত শুনানি চেয়ে আবেদন করেন অভিষেকের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায়। তিনি জানান, অভিষেকের মামলায় চার্জশিট পেশ করা হয়ে গিয়েছে। গ্রেফতারের আশঙ্কায় এই মামলা করা হয়েছিল। কিন্তু তার আগেই অভিষেককে গ্রেফতার করা হয়। এখন মামলা বিচারাধীন থাকার কারণে জামিনের আবেদন করা যাচ্ছে না।
অভিষেকের আইনজীবী আরও জানান, সামনেই বাংলার দল নির্বাচন রয়েছে। তার আগে জামিনের নিষ্পত্তি না হলে সমস্যায় পড়বেন বাংলার ক্রিকেটার। কিন্তু সেই আবেদন ধোপে টেকেনি। বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেকের আবেদন নাকচ করে দিয়েছেন।
বিচারপতি জানিয়েছেন, যেহেতু অভিষেক ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন, তাই চাইলে তিনি জামিনের আবেদন করতে পারেন। তালিকা মেনেই সেই মামলার শুনানি হবে। আদালতের এই নির্দেশের ফলে অভিষেকের ক্রিকেট কেরিয়ারের অনিশ্চয়তা আরও বাড়ল।
কর্নাটকের এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে গত ১১ অগস্ট অভিষেককে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে হুগলির মগরা থানার পুলিশ। অভিষেকের বিরুদ্ধে ৬৯, ৩১১, ৩১৮, ৬৬/৭২ আইটি ও বিএনএস-এর একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:
হুগলির মগরা থানায় গত ২৩ জুন অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কর্নাটকের ওই তরুণী ডাক্তারি পড়ুয়া। তরুণীর অভিযোগ, তাঁর সঙ্গে অভিষেকের সাড়ে তিন বছর সম্পর্ক ছিল। তাঁরা ঠিক করেছিলেন, বিয়ে করবেন। একসঙ্গে বিদেশেও গিয়েছিলেন তাঁরা। কিন্তু বছর দেড়েক আগে তাঁদের মধ্যে সমস্যা হয়। বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছিল। কিন্তু সেই সময়ে অভিযোগ দায়ের হয়নি। এ বার অভিযোগ দায়ের করেন তরুণী।
অভিযোগ দায়েরের পর বেশ কিছু দিন কেটে গেলেও পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় ওই তরুণী কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাই কোর্টের বিচারপতি নির্দেশ দেন, অভিষেককে গ্রেফতার করতে হবে। তার পরেই পদক্ষেপ করে পুলিশ।
গত বারেই আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলে সুযোগ পেয়েছিলেন অভিষেক। বাংলার হয়ে ধারাবাহিক ভাবে রান করে আইপিএলে জায়গা করে নেন। ঋষভ পন্থের অভাব ঢাকার জন্য তাঁকে রাখা হয়েছিল দলে। কিন্তু সে বার মাত্র চারটি ম্যাচে খেলানো হয়েছিল। সে ভাবে রানও করতে পারেননি। তাতে যদিও দিল্লি তাঁকে ছেঁটে ফেলেনি। তরুণ উইকেটরক্ষকের উপর ভরসা রাখা হয়েছিল আরও একটি মরসুম। নিরাশ করেননি অভিষেক। এবারের আইপিএলে রান আসে তাঁর ব্যাট থেকে। তবে এখন তাঁর ক্রিকেট কেরিয়ার অনিশ্চয়তার মুখে।