Advertisement
E-Paper

প্রদীপ্তের স্পিনে বেসামাল কেরল, রঞ্জিতে টানা তৃতীয় জয়ের আশায় বাংলা, তৃতীয় দিন আউট ২০ ব্যাটার, শেষ দিন ঈশ্বরণদের চাই ৬ উইকেট

বাংলা-কেরল ম্যাচের তৃতীয় দিন পড়ল ২০ উইকেট। ব্যাট করা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে জয়ের জন্য শেষ দিন অভিমন্যু ঈশ্বরণদের চাই ৬ উইকেট। বিষ্ণু বিনোদদের দরকার ৩৫৫ রান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ১৯:১৮
Picture of Cricket

(বাঁ দিকে) প্রদীপ্ত প্রামাণিক এবং লক্ষ্মীরতন শুক্লা (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

টানা তৃতীয় রঞ্জি ম্যাচ জিততে বাংলার চাই আর ৬ উইকেট। তৃতীয় দিনের শেষে কেরলের দরকার আরও ৩৫৫ রান। মঙ্গলপুরমের ২২ গজে সুবিধাজনক জায়গায় লক্ষ্মীরতন শুক্লার বাংলা। প্রথম দিনের শেষে কোণঠাসা হয়ে যাওয়া দলকে লড়াইয়ে ফেরানোর পর জয়ের আশা দেখাচ্ছেন বোলারেরা। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট নিয়ে কেরলকে চাপে ফেলে দিয়েছেন প্রদীপ্ত প্রামাণিক।

বাংলা-কেরল ম্যাচের তৃতীয় দিন পড়ল ২০ উইকেট। ব্যাট করার ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। সেই হিসেবে বেশ ভাল জায়গায় রয়েছে বাংলা। দ্বিতীয় দিনের শেষে কেরলের প্রথম ইনিংসের রান ছিল ৬ উইকেটে ১০১। ৫ রানে অপরাজিত থাকা মহম্মদ আজহারউদ্দিন শেষ পর্যন্ত ৩০ রানে অপরাজিত থাকেন। কেরলের বাকি আর কেউ উইকেটে দাঁড়াতে পারেননি। ১৪১ রানে শেষ হয়ে যায় কেরলের প্রথম ইনিংস। ৪৪ রানে ৪ উইকেট নেন প্রদীপ্ত। ৩৫ রানে ৩ উইকেট মহম্মদ শামির। ২২ রান ২ উইকেট শাহবাজ় আহমেদের।

২০৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন অভিমন্যু ঈশ্বরণেরা। ওপেন করতে নেমে অধিনায়ক ঈশ্বরণ করলেন ৪৭। এ ছাড়া বলার মতো রান করেছেন সুদীপ চট্টোপাধ্যায় (৩৪), অভিষেক পোড়েল (২১), শাহবাজ় (২০) এবং শামি (২৬)। বাংলার দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৯৮ রানে। ৭০ রানে ৫ উইকেট নিয়েছেন অভিজ্ঞ জলজ সাক্সেনা। ৭২ রানে ৩ উইকেট আদিত্য সারওয়াতে। ২৫ রানে ২ উইকেট নেন নেডুমানকুঝি বাসিল।

চতুর্থ ইনিংসে কেরলের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪০৮। তবে রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে কেরল। তৃতীয় দিনের শেষে তাদের রান ৪ উইকেটে ৫৩। ২১ রান দিয়ে ৪টি উইকেটই তুলে নিয়েছেন প্রদীপ্ত। বাংলার বাঁহাতি স্পিনারকে সামলাতে বেশ সমস্যায় পড়েছেন কেরলের ব্যাটারেরা। দুই অভিষেক নায়ারই আউট হয়েছেন ০ রানে। ওপেন করতে নেমে জলজ করেছেন ১৮। অভিজ্ঞ সচিন বেবিও ১০ রান করে ফিরে গিয়েছেন। ২২ গজে অপরাজিত রয়েছেন অধিনায়ক বিষ্ণু বিনোদ (১৯) এবং সলমন নিজ়ার (০)। ভাল বল করে প্রতিপক্ষকে চাপে রেখেছেন শামি, শাহবাজ়েরাও। রঞ্জি ট্রফিতে টানা তৃতীয় জয়ের অপেক্ষায় বাংলা শিবির।

bengal Kerala Pradipta Pramanik

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy