Advertisement
E-Paper

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ় টেস্টে ভারতের প্রকাশের আত্মপ্রকাশ, দ্বিতীয় ভারতীয় হিসেবে পেয়েছেন আইসিসির বিশেষ দায়িত্ব

আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এলিট প্যানেলে থাকা পাঁচ জন ম্যাচ রেফারির উপর মাত্রাতিরিক্ত চাপ পড়ছে। তাই ম্যাচ রেফারিদের এমার্জিং প্যানেল তৈরি করা হয়েছে। তিন জনের নতুন এই প্যানেলে রয়েছেন প্রকাশ ভাট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ১৮:২৯
Picture of Cricket

প্রকাশ ভাট। ছবি: এক্স।

জাভাগল শ্রীনাথের পর আরও এক ভারতীয় টেস্ট ক্রিকেটে ম্যাচ রেফারির দায়িত্ব পেলেন। সৌরাষ্ট্রের প্রাক্তন ক্রিকেটার প্রকাশ ভাটকে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ় টেস্টের দায়িত্ব দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এই টেস্টের অন্যতম আম্পায়ার নীতীন মেনন।

ম্যাচ রেফারি হিসেবে এই প্রথম আন্তর্জাতিক ম্যাচের দায়িত্ব সামলাচ্ছেন না প্রকাশ। ৬টি এক দিনের ম্যাচ এবং ৪৮টি টি-টোয়েন্টি ম্যাচের অভিজ্ঞতা রয়েছে তাঁর। অধিকাংশ ক্ষেত্রেই দায়িত্ব সামলেছেন আইসিসির অ্যাসোসিয়েট দেশগুলির ম্যাচে। তবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় সাদা বলের দুই সিরিজ়েই তিনি ম্যাচ রেফারি ছিলেন। বাংলাদেশের মাটিতে ম্যাচ রেফারি হিসেবে টেস্ট অভিষেক হল তাঁর। প্রথম ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে ম্যাচ রেফারি নির্বাচিত হয়েছিলেন শ্রীনাথ। প্রকাশ হলেন দ্বিতীয় ভারতীয়।

গত এপ্রিলে আইসিসি চার জনকে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটের নতুন ম্যাচ রেফারি হিসেবে নির্বাচিত করে। আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এলিট প্যানেলে থাকা পাঁচ জনের উপর মাত্রাতিরিক্ত চাপ পড়ছে। তাই ম্যাচ রেফারিদের এমার্জিং প্যানেল তৈরি করা হয়েছে। নতুন এই প্যানেলে থাকা চার জনের অন্যতম প্রকাশ। এলিট প্যানেলে জায়গা পেতে হলে আন্তর্জাতিক পর্যায়ে যথেষ্ট দক্ষতার পরিচয় দিতে হবে তাঁকে। এখন এলিট প্যানেলে শ্রীনাথ ছাড়াও রয়েছেন জ়িম্বাবোয়ের অ্যান্ড্রু পাইক্রফট, নিউ জ়িল্যান্ডের জেফ ক্রো, শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে এবং ওয়েস্ট ইন্ডিজ়ের রিচি রিচার্ডসন। তেমন বড় সমস্যা না হলে এমার্জিং প্যানেলের চার জনই আগামী দিনে এলিট প্যানেলে জায়গা পাবেন।

ভারতের ঘরোয়া ক্রিকেটে ২০০৭-০৮ মরসুম থেকে ম্যাচ রেফারির দায়িত্বে রয়েছেন প্রকাশ। ২০১৮ থেকে আইপিএলের ম্যাচ রেফারি তিনি। ২০২৪ থেকে আন্তর্জাতিক ম্যাচের দায়িত্ব পালন করছেন। ৪৮টি টি-টোয়েন্টি এবং ছ’টি এক দিনের ম্যাচ ছাড়াও মেয়েদের চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং তিনটি এক দিনের ম্যাচের দায়িত্ব সামলেছেন সাফল্যের সঙ্গে। এ ছাড়াও ৬৭টি প্রথম শ্রেণির এবং ৭৫টি আইপিএল ম্যাচের দায়িত্ব সামলেছেন। ৫৬ বছরের প্রকাশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৩টি ম্যাচের দায়িত্বেও ছিলেন। নিউ জ়িল্যান্ড-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ়েও ম্যাচ রেফারি ছিলেন তিনি।

সৌরাষ্ট্রের প্রাক্তন ক্রিকেটার ৫১টি প্রথম শ্রেণির ম্যাচে করেছেন ৩১৩৮ রান। ৭টি শতরান এবং ১৩টি অর্ধশতরান রয়েছে তাঁর। লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ৩৮টি। ৫টি অর্ধশতরান রয়েছে।

test cricket Bangladesh West Indies

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy