Advertisement
E-Paper

আড়াই দিনেই জয় ঈশ্বরণদের, আস্থার মর্যাদা দিলেন প্রদীপ্ত-শাহবাজ়েরা, সার্ভিসেসকে ৬০ রানে হারিয়ে রঞ্জির গ্রুপ শীর্ষে লক্ষ্মীর দল

চার দিনের ম্যাচ আড়াই দিনেই শেষ করে দিল বাংলা। মঙ্গলবার জয়ের জন্য আর ১৯৫ রান দরকার ছিল সার্ভিসেসের। প্রদীপ্ত, শাহবাজ়েরা ১৩৬ রানের মধ্যে ১০ উইকেট তুলে নিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৬ ১৫:৩৮
Picture of Cricket

জয়ের পর বাংলার ক্রিকেটারদের সঙ্গে কোচ লক্ষ্মীরতন শুক্লা। ছবি: সংগৃহীত।

রঞ্জি ট্রফিতে টানা দ্বিতীয় জয় পেল বাংলা। দিল্লির পর সার্ভিসেসকেও হারালেন অভিমন্যু ঈশ্বরণেরা। দ্বিতীয় ম্যাচে ৬০ রানে জিতল লক্ষ্মীরতন শুক্লার দল। জয়ের জন্য ২০৯ রান তাড়া করতে নেমে সার্ভিসেসের দ্বিতীয় ইনিংস শেষ হল ১৪৮ রানে। বাংলার জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন প্রদীপ্ত প্রামাণিক, শাহবাজ় আহমেদরা।

চার দিনের ম্যাচ আড়াই দিনেই শেষ করে দিল বাংলা। সোমবার খেলার শেষে সার্ভিসেস দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ১২ রান করেছিল। জয়ের জন্য সার্ভিসেসের দরকার ছিল আরও ১৯৭ রান। বাংলার প্রয়োজন ছিল ১০ উইকেট। অর্থাৎ আর ১৯৫ রানের মধ্যে সার্ভিসেসকে দ্বিতীয় ইনিংসে অলআউট করতে হত বাংলার বোলারদের। সেই কাজটাই প্রদীপ্ত, শাহবাজ়েরা মঙ্গলবার করলেন ১৩৬ রানের মধ্যে।

টানা দ্বিতীয় জয়ের জন্য বাংলা শিবির তাকিয়ে ছিল বোলারদের দিকে। এই ম্যাচে আকাশদীপ, মুকেশ কুমার, মহম্মদ শামির মতো প্রথম সারির বোলারেরা ছিলেন না। তা-ও জয় পেতে অসুবিধা হল না। দ্বিতীয় ইনিংসে সার্ভিসেসের ব্যাটারদের ২২ গজে দাঁড়াতেই দিলেন না বাংলার বোলারেরা। ওপেনার নীতিন তানওয়ার (৪৯) ছাড়া কেউ রানই পেলেন না। কিছুটা চেষ্টা করেছেন চার নম্বরে নামা বিনীত ধনকর (২১) জয়ের লক্ষ্য বড় ছিল না। তবে দিল্লির ২২ গজ ব্যাটারদের জন্য কঠিন ছিল। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি বাংলার বোলারেরা। ৬৮.৫ ওভারে প্রতিপক্ষের ইনিংস গুটিয়ে দিয়ে দলের ভরসার আস্থা রেখেছেন তাঁরা।

বাংলার সফলতম বোলার প্রদীপ্ত ৪৮ রানে ৪ উইকেট নিয়েছেন। শাহবাজ় ৩ উইকেট নিয়েছেন ৪৪ রানে। ৪০ রান দিয়ে ২ উইকেট আমির গনির। এ ছাড়া ৯ রানে ১ উইকেট মহম্মদ কাইফের। দ্বিতীয় ইনিংসে চার জন বোলারকে ব্যবহার করেছিলেন বাংলার অধিনায়ক ঈশ্বরণ। প্রত্যেকেই উইকেট পেয়েছেন। এই জয়ের ফলে ১২ পয়েন্ট নিয়ে রঞ্জি ট্রফির এলিট গ্রুপ ‘সি’র শীর্ষে উঠে এল বাংলা।

Abhimanyu Chaudhary Laxmi Ratan Shukla

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy