সত্যি হল আশঙ্কা। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে গেলেন অর্শদীপ সিংহ। তাঁর জায়গায় ভারতীয় দলে এলেন ভুবনেশ্বর কুমার। নিউ জ়িল্যান্ড সফরের আগেই জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটল ৩৬ বছরের জোরে বোলারের।
চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় ইনিংসের শেষ ওভারে ব্যাট করার সময় চোট পেয়েছিলেন অর্শদীপ। শামার জোসেফের লাফিয়ে ওঠা একটি বল সামলাতে পারেননি অর্শদীপ। বল সরাসরি তাঁর বাঁ কাঁধে লাগে। যন্ত্রণায় বসে পড়েছিলেন। ফিজিয়ো মাঠে নেমে প্রাথমিক শুশ্রুষা করলেও আর ব্যাট করতে পারেননি অর্শদীপ। ফলে নির্ধারিত ২০ ওভারের ৩ বল আগেই শেষ হয়ে যায় ভারতীয় দলের ইনিংস। তার পর থেকেই শনিবার সিরিজ়ের শেষ ম্যাচে অর্শদীপের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল। ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের শেষ ম্যাচ থেকে ছিটকে গেলেন অর্শদীপ।
অর্শদীপের পরিবর্ত হিসেবে ভারতীয় দলে এসেছেন ভুবনেশ্বর। ২০২২ সালের ২২ নভেম্বর শেষ বার দেশের হয়ে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন ভুবনেশ্বর। সেটাও ছিল ২০ ওভারের ম্যাচ। তার পর আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল পারফরম্যান্স করলেও অজিত আগরকরের নেতৃতাধীন জাতীয় নির্বাচক কমিটি ভুবনেশ্বরকে জাতীয় দলে সুযোগ দেননি। আগরকরের মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচকেরা আবার ভুবনেশ্বরকে জাতীয় দলে ফিরিয়েছেন। আসন্ন নিউ জ়িল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলে তাঁকে নেওয়া হয়েছে। তবে অর্শদীপের চোট তার আগেই ভুবনেশ্বরের সামনে জাতীয় দলের দরজা খুলে দিল।
আরও পড়ুন:
শনিবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে গৌতম গম্ভীর, শ্রেয়স আয়ারেরা প্রথম একাদশে রাখলে ভুবনেশ্বর প্রায় চার বছর পর জাতীয় দলের হয়ে খেলবেন।