ময়দানের বিভিন্ন ক্লাবকে ক্রিকেটের পিচ তৈরির জন্য মাটি সরবরাহ করে সিএবি। সেই মাটি সরবরাহকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সিএবি বৃহস্পতিবার এই বিতর্কের জবাব দিয়েছে। রাজ্য ক্রিকেটের নিয়ামক সংস্থা জানিয়েছে, সবকিছু নিয়ম মেনেই করা হয়েছে।
অভিযোগ উঠেছে, সিএবি নাকি কোনও ‘অথরাইজড ডিলার’-এর থেকে মাটি কেনেনি। যাঁর থেকে মাটি নেওয়া হত, তিনি ১২ জনের ‘অথরাইজড ডিলার’-এর তালিকাভুক্ত নন।
এর প্রেক্ষিতে সিএবি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‘২০১০ সাল থেকে গত ১৫ বছর ধরে সিএবি তাদের অনুমোদিত মাঠ ও কেন্দ্রগুলিতে পিচের মাটি সরবরাহ করে আসছে। এক জন প্রতিষ্ঠিত বিক্রেতার কাছ থেকে সাধারণ বাণিজ্যিক শর্তাবলীতে এই মাটি নেওয়া হয়। সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে এবং প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে গোটা প্রক্রিয়াটি পরিচালিত হয়।’’
ময়দানের অন্য কয়েকটি ক্লাবের ক্ষেত্রে কী হয়েছে, তার দায় তারা নেবে না জানিয়ে সিএবি বলেছে, ‘‘ওই মাটি বিক্রেতা ময়দানের বেশ কয়েকটি ক্লাবকে স্বাধীন ভাবে মাটি সরবরাহ করে থাকেন। কোথা থেকে এক জন স্বাধীন বিক্রেতা কাঁচামাল সংগ্রহ করেন, তা সিএবি বা ময়দানের অন্য ক্লাবগুলির নজরদারির আওতায় পড়ে না।’’
আরও পড়ুন:
রাজ্য সরকারের যাবতীয় নির্দেশ মেনে তারা চলছে জানিয়ে সিএবি জানায়, ‘‘রাজ্য সরকার এবং অন্য প্রশাসনিক কর্তৃপক্ষ যে সব নীতি-নিয়ম বেঁধে দিয়েছে, তা মেনে চলার ব্যাপারে সিএবি প্রতিশ্রুতিবদ্ধ।’’