Advertisement
E-Paper

১৯৯ রানে ‘ভুল’ সিদ্ধান্তের শিকার পডিক্কল! নিউ জ়িল্যান্ডে কী ভাবে খেলতে হয়, বাকিদের শেখালেন ভারতীয় ব্যাটার

আম্পায়ারের সিদ্ধান্ত মানতে পারেননি দেবদত্ত পডিক্কল। হতাশ দেখায় তাঁকে। হাতের ইশারায় আম্পায়ারকে জানান, ব্যাট ও বলের মধ্যে বিস্তর ফাঁক ছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ১২:৫০
cricket

দেবদত্ত পডিক্কল। —ফাইল চিত্র।

ঝলক দেখিয়েছিলেন রবিবার। সোমবার খেললেন ১৯৯ রানের ঝকঝকে ইনিংস। দ্বিশতরান পাকা ছিল দেবদত্ত পডিক্কলের। আম্পায়ারের ‘ভুল’ সিদ্ধান্তের শিকার হয়ে ফিরে গেলেন। কিন্তু ভারতীয় ব্যাটারের ইনিংসে ম্যাচে ফিরল ভারত ‘এ’।

লিঙ্কনের মাঠে নিউ জ়িল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে রবিবার ৫৬ রানে অপরাজিত ছিল পডিক্কল। যেখানে শেষ করেছিলেন, সোমবার সেখান থেকেই শুরু করলেন। মাঠে প্রবল হাওয়া দিচ্ছিল। বল সুইং করছিল। সে সব সামলালেন। উইকেটের চার দিকে শট মারলেন।

পডিক্কল বুঝিয়ে দিচ্ছেন, কেমন ফর্মে রয়েছেন তিনি। এর আগে শ্রীলঙ্কার মাটিতে দুই টেস্টেই শতরান করেছিলেন। নিউ জ়িল্যান্ডে টেস্ট সিরিজ়ের আগেও ছন্দে তিনি। টেস্ট সিরিজ়ের আগে সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বেশ কয়েক জন ক্রিকেটারকে ভারত ‘এ’ দলের হয়ে খেলানো হচ্ছে। দুই ওপেনার যশস্বী জয়সবাল ও লোকেশ রাহুল রান না পেলেও পডিক্কল ও সাই সুদর্শন রান পেয়েছেন।

দ্বিতীয় ইনিংসে ৯ রানের মাথায় ভারতের দুই ওপেনার সাজঘরে ফিরে গিয়েছিলেন। সেখান থেকে ২১৫ রানের জুটি বেঁধেছেন পডিক্কল ও সুদর্শন। শতরান হাতছাড়া হয়েছে সুদর্শনের। ৯১ রানে আউট হয়েছেন। কিন্তু পডিক্কল খেলা চালিয়ে যান।

যশ রাঠৌড়ের সঙ্গে ১৪২ রানের জুটি বাঁধেন। ১৯৯ রানের মাথায় জ্যাক গিবসনের লেগ সাইডের বাইরের বল খেলতে যান পডিক্কল। বল উইকেটরক্ষকের হাতে যায়। পডিক্কলকে দেখে মনে হয়নি বল ব‍্যাটে লেগেছে। কিন্তু বোলারের আবেদনে হাত তোলেন আম্পায়ার।

এই ম‍্যাচে রিভিউ নেই। মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। আম্পায়ার আউট দিতে হতবাক হয়ে দাঁড়িয়ে পড়েন পডিক্কল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না। সাজঘরে ফেরার সময়ও হাতের ইশারায় আম্পায়ারকে বোঝানোর চেষ্টা করছিলেন, ব্যাট ও বলের মধ্যে বিস্তর ফাঁক ছিল। রিপ্লে দেখেও মনে হয়েছে বল ব্যাটে লাগেনি। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্ত মানতে হয়েছে তাঁকে।

২৪৮ বল খেলে ১৯৯ রান করেছেন পডিক্কল। টেস্টের হিসেবে ৮০.২৪ স্ট্রাইক রেট বেশ ভাল। ২৪ চার ও তিনটি ছক্কা মেরেছেন তিনি। অর্থাৎ, পাল্টা আক্রমণের পথে হেঁটেছেন। বাকিদের তিনি দেখিয়ে দিয়েছেন, নিউ জ়িল্যান্ডের মাটিতে কী ভাবে খেলতে হয়। তাড়াহুড়ো করেননি। আগেই শট মারতে যাননি। বল দেখে খেলেছেন। যতটা সম্ভব দেরিতে শট মেরেছেন। আর তাতেই সফল পডিক্কল।

পডিক্কলকে দেখে শিক্ষা নিয়েছেন নীচের সারির ব্যাটারেরা। যশ ৬৬ রান করেন। অংশুল কম্বোজ ২৩ ও আকিব নবি ৩৮ রান করেন। দিনের শেষে ৫১ রানে অপরাজিত ওয়াশিংটন সুন্দর। ভারতের রান ৮ উইকেটে ৪৮৮। প্রথম ইনিংসে যে দল ১১৩ রানে অল আউট হয়ে গিয়েছিল সেই দল এখন ২৮৪ রানে এগিয়ে। আর সেটা হয়েছে পডিক্কলের জন্য। টেস্ট সিরিজ়ের আগে গৌতম গম্ভীরকে ভরসা জোগাচ্ছেন তিনি।

Devdutt Padikkal India A

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy