গত ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম বার হারের স্বাদ পেয়েছিল বার্সেলোনা। এ বার লা লিগায় থামল তাদের জয়রথ। টানা ৯ ম্যাচ জেতার পর হারল বার্সা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে। কিলিয়ান এমবাপের জোড়া গোলে এল ক্লাসিকো জিতল রিয়াল। বার্সাকে তাদের ঘরের মাঠে গিয়ে হারাল তারা।
গত সপ্তাহ পর্যন্ত দুরন্ত ছন্দে ছিল বার্সা। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগে পর পর জিতছিল তারা। কিন্তু হঠাৎ করেই যেন ছন্দপতন হয়েছে তাদের। পর পর দু’ম্যাচে হারতে হল হান্সি ফ্লিকের দলকে। বার্সার দায়িত্ব নেওয়ার পর গত সাতটি এল ক্লাসিকোর মধ্যে ছ’টি জিতেছিলেন জার্মান কোচ। হোসে মোরিনহোর হাতে হার হজম করতে হল তাঁকে।
বিরতির ঠিক আগে ৪১ মিনিটের মাথায় গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপে। দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে সমতা ফেরান রাফিনহা। ৮৭ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন এমবাপে। আর ফিরতে পারেনি বার্সা। এই ম্যাচকে জবাব দেওয়ার মঞ্চ করে তুললেন এমবাপে। তাঁর পারফরম্যান্স নিয়ে রিয়ালের সমর্থকেরাই প্রশ্ন তুলছিলেন। ক্লাব ছেড়ে চলে যাওয়ার বিদ্রুপও করছিলেন। সকলকে জবাব দিয়ে দিলেন ফরাসি তারকা।
আরও পড়ুন:
তাঁরা যে ভাল খেলতে পারেননি তা স্বীকার করে নিয়েছেন বার্সার মিডফিল্ডার পেদ্রি। খেলা শেষে তিনি বলেন, “সত্যি বলতে আমরা ভাল খেলতে পারিনি। প্রথমার্ধে দেখে মনে হচ্ছিল না বার্সা খেলছে। অনেক ভুল করেছি। নিজেদের ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে এল ক্লাসিকো জিততে চেয়েছিলাম। হল না। তবে এখনও লিগ অনেক বাকি।”
এই ম্যাচে দলের বড় অস্ত্র ভিনিসিয়াস জুনিয়রকে পাননি মোরিনহো। তার পরেও জিততে সমস্যা হল না তাঁর। মোরিনহো বোঝালেন, এখনও মগজাস্ত্রের লড়াইয়ে যে কোনও কোচকে হারানোর ক্ষমতা রাখেন তিনি। এই জয়ের ফলে বার্সা ও রিয়ালের পয়েন্টের পার্থক্য দাঁড়াল ৩। অর্থাৎ, আবার জমে উঠল লা লিগা।