Advertisement
E-Paper

এ ভাবে শেষ হবে ভাবিনি! ২৫ বছর ধরে খেলা দলের বিরুদ্ধে অভিমান উগরে দিলেন অ্যান্ডারসন

ইংল্যান্ডের জাতীয় দল থেকে অবসরের পরেও ল্যাঙ্কাশায়ারের কাউন্টি খেলছিলেন জেমস অ্যান্ডারসন। ২০২৫ সালে মরসুমের মাঝপথে অধিনায়কত্বের দায়িত্বও নেন। তাঁকেই এ বার ধরে রাখেনি দল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ২০:৫৮
cricket

জেমস অ্যান্ডারসন। —ফাইল চিত্র।

বাধ্য হয়ে ক্রিকেটকে বিদায় জানাতে হচ্ছে, এমনটাই দাবি জেমস অ্যান্ডারসনের। ছোটবেলার কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ার তাঁকে আর ধরে রাখেনি। যে ক্লাবে তিনি ২৫ বছর ধরে খেলেছেন, সেই ক্লাব এমনটা করবে ভাবেননি অ্যান্ডারসন। অভিমান শোনা গিয়েছে তাঁর গলায়।

সমাজমাধ্যমে অ্যান্ডারসন লিখেছেন, “ছোট থেকে আমি ল্যাঙ্কাশায়ারের সমর্থক। এই ক্লাবে ২৫ বছর ধরে খেলেছি। এটা আমার কাছে স্বপ্নের। আমি সবসময় ওল্ড ট্র্যাফোর্ডে নামার সময় একই রকমের উত্তেজিত থেকেছি। এই মাঠে কত সুন্দর মুহূর্ত রয়েছে। অধিনায়কও হয়েছি। তবে এ ভাবে শেষ হবে ভাবিনি। যাই হোক, দল ও ক্রিকেটারদের ভবিষ্যতের শুভেচ্ছা।”

ইংল্যান্ডের জাতীয় দল থেকে অবসরের পরেও ল্যাঙ্কাশায়ারের কাউন্টি খেলছিলেন অ্যান্ডারসন। ২০২৫ সালে মরসুমের মাঝপথে অধিনায়কত্বের দায়িত্বও নেন। ২০২৬ সালে তাঁর নেতৃত্বেই কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলে ল্যাঙ্কাশায়ার।

গত মরসুমে দল হতাশ করলেও অ্যান্ডারসন করেননি। ১৭.৬৮ গড়ে ৫০ উইকেট নিয়েছিলেন তিনি। এই বয়সেও ব্যাটারদের সমস্যায় ফেলেন। কিন্তু নতুন চিফ এগজ়িকিউটিভ রিচার্ড কেনিয়ন দায়িত্ব নেওয়ার পর ক্লাবকে নতুন করে সাজাচ্ছেন। তাঁর পরিকল্পনায় অ্যান্ডারসন নেই।

২৫ বছরের কেরিয়ার অ্যান্ডারসনের। ২০০১ সালে ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ২০০৩ সালে ইংল্যান্ডের টেস্ট দলে হয় অভিষেক। টানা ২১ বছর ধরে ইংল্যান্ডের হয়ে ১৮৮ টেস্টে ৭০৪ উইকেট নিয়েছেন তিনি। টেস্টে মুথাইয়া মুরলিধরন ও শেন ওয়ার্নের পর তৃতীয় সর্বাধিক উইকেটের মালিক তিনি। পেসারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন।

২০২৪ সালের জুলাই মাসে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেন অ্যান্ডারসন। প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ১১৯৩ উইকেট নিয়েছেন। অবশেষে সেই কেরিয়ার শেষ হতে চলেছে। সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিতে চলেছেন তিনি। তবে তার আগে ছোটবেলার ক্লাবের প্রতি অভিমান ঝরে পড়ল তাঁর গলা থেকে।

James Anderson england cricket Lancashire

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy