Advertisement
E-Paper

চোখের জলে অবসরের পর আবার মুখ খুললেন রাহানে! এ বার কাদের কথা বললেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার

কয়েক দিন আগে সমাজমাধ্যমে একটি ভিডিয়োবার্তায় নিজের অবসরের ঘোষণা করেছেন অজিঙ্ক রাহানে। আবার মুখ খুললেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৬ ১৪:৫৩
cricket

অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।

সমাজমাধ্যমে আবার মুখ খুললেন অজিঙ্ক রাহানে। এ বার অবশ্য কোনও ঘোষণা করেননি তিনি। এ বার তিনি শুধু ধন্যবাদ জানিয়েছেন।

কয়েক দিন আগে সমাজমাধ্যমে একটি ভিডিয়োবার্তায় সব ধরনের ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা করেছেন রাহানে। অর্থাৎ, আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট ও আইপিএলেও আর দেখা যাবে না তাঁকে। অবসরের পর অনেকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই তালিকায় যেমন বিরাট কোহলি, সচিন তেন্ডুলকরের মতো তারকা রয়েছেন, তেমনই রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। সেই সকল শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়েছেন রাহানে।

একটি পোস্টে ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, “এত বার্তা, শুভেচ্ছা ও সমর্থনের জন্য প্রত্যেককে মন থেকে ধন্যবাদ জানাই। এই ভালবাসা দেখে মন ভরে গিয়েছে। সারা জীবন এই ভালবাসা মনে থাকবে।”

গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন রাহানে। সেখানে তিনি বলেন, “জীবনের সার কথাই হল, সব কিছুর যেমন শুরু আছে, তেমন শেষও আছে। সময় এলে তাকে সম্মান জানিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। আমি ব্যাটিংয়ের সময় টাইমিংয়ের উপর গুরুত্ব দিতাম। তাই সময়ের গুরুত্ব জানি। আমার মনে হয়েছে, এগিয়ে যাওয়ার এটাই সেরা সময়। তাই আমি আন্তর্জাতিক ক্রিকেট ও ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি।”

নিজের জীবনের সংগ্রামের কথাও শোনা যায় রাহানের মুখে। তিনি বলেন, “ডম্বিভলির যে ছেলেটা রোজ সকালে অনুশীলনে যেত, রোজ মাঠে নামত, যে সুযোগ পেত তা কাজে লাগানোর চেষ্টা করত, সেই ছেলেটার একটাই স্বপ্ন ছিল। ভারতের জার্সি পরা। আমি সব সময় দলকে ও সতীর্থদের নিজের থেকে আগে রেখেছি। সব সময় সততার সঙ্গে খেলেছি। একটা কথা বিশ্বাস করেছি। যদি তুমি সঠিক মানসিকতা নিয়ে খেলো, তা হলে এই খেলা তোমাকে অনেক কিছু ফিরিয়ে দেবে।”

ভারতীয় ক্রিকেটের বিবর্তনের কথাও বলেন রাহানে। তিনি বলেন, “যে দিন ভারতের হয়ে অভিষেক হয়েছিল, সে দিন থেকে গত ২০ বছরে ভারতীয় ক্রিকেট অনেক বদলেছে। সেই পরিবর্তনের সাক্ষী থেকেছি।” হার-জিত তো লেগেই থাকবে, ক্রিকেট খেলার যে আনন্দ সেই কথা শোনা গিয়েছে রাহানের গলায়। তিনি বলেন, “মুম্বই থেকে শুরু করে ভারতীয় দলে এত বছর খেলেছি। অনেক হার-জিতের সাক্ষী থেকেছি। কিন্তু সে সবের বাইরে একসঙ্গে মিলে ক্রিকেট খেলার যে আনন্দ সেটাই আমার কাছে আসল।”

রাহানের আরও বলেন, “ভারতীয় ক্রিকেট বোর্ড, মুম্বই ক্রিকেট বোর্ড, আইপিএলের সকল ফ্র্যাঞ্চাইজ়ি, রাধিকা, আমার পরিবার, বন্ধুবান্ধব ও যাঁরা আমার পাশে থেকেছেন, সকলকে ধন্যবাদ। সবচেয়ে বেশি ধন্যবাদ সেই সকল সমর্থকে, যাঁরা আমার জীবনের ভাল ও খারাপ সব পরিস্থিতিতেই সমর্থন করেছেন।”

এর পর আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি রাহানে। আপাতশান্ত রাহানে কেঁদেও ফেলেন। কাঁদতে কাঁদতেই তিনি বলেন, “অজিঙ্ক নামের অর্থ অপরাজিত। কিন্তু ক্রিকেট আমাকে শিখিয়েছে, সাফল্যের চেয়ে বেশি হার হবে। আমার দল হেরেছে। আমি ভুল করেছি। শিখেছি। কিন্তু একটা জায়গায় আমি কোনও দিন হারিনি। সেটা হল আপনাদের হৃদয়ে জিততে। আপনারা সকলে আমাকে আপন করে নিয়েছেন। তার জন্য ধন্যবাদ। টুপি নম্বর ২৭৮ বিদায় জানাল।”

ভারতের হয়ে ৮৫ টেস্ট, ৯০ এক দিনের ম্যাচ ও ২০ টি-টোয়েন্টি খেলেছেন রাহানে। টেস্টে ৫০৭৭, এক দিনের ক্রিকেটে ২৯৬২ ও টি-টোয়েন্টিতে ৩৭৫ রান করেছেন তিনি। সব মিলিয়ে ১৫ শতরান ও ৫১ অর্ধশতরান রয়েছে তাঁর। ২০১ প্রথম শ্রেণির ম্যাচে ১৪,০০০ রান করেছেন রাহানে। ৪১ শতরান ও ৫৯ অর্ধশতরান করেছেন তিনি। ভারতকে ছ’টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন রাহানে। একটিও হারেননি। চারটি জিতেছেন। দু’টি ড্র হয়েছে। তার মধ্যে ২০২১ সালে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিরুদ্ধে ভাঙাচোরা দল নিয়ে বর্ডার-গাওস্কর ট্রফি জয়ের কৃতিত্বও রয়েছে।

পাশাপাশি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, রাইজ়িং পুণে সুপারজায়ান্ট, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। সব মিলিয়ে ২১২ ম্যাচে ৫৩৬৭ রান করেছেন রাহানে। ২ শতরান ও ৩৫ অর্ধশতরান রয়েছে তাঁর।

Ajinkya Rahane India Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy