ক্ষমা চাইবেন অর্শদীপ সিংহ। তিনি ক্ষমা চাইবেন রবিচন্দ্রন অশ্বিনের কাছ। সম্প্রতি এক সাক্ষাৎকার চলাকালীন অর্শদীপ জানিয়েছেন, তিনি অশ্বিনের কাছে ক্ষমা চাইবেন। মেসেজ করে ক্ষমা চাওয়ার কথা জানিয়েছেন ভারতীয় পেসার। কেন এই কাজ তিনি করবেন, তার নেপথ্য কারণও জানিয়েছেন অর্শদীপ।
এক সাক্ষাৎকারে অর্শদীপকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর পছন্দের তালিকায় সেরা পাঁচ ভারতীয় বোলার কারা? তালিকায় অশ্বিনকে রেখেছেন তিনি। পাশাপাশি ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চহলের কথা বলেছেন তিনি। অর্শদীপ বলেন, “তালিকায় সকলের উপর থাকবে ভুবি ভাই। ও আমার সবচেয়ে পছন্দের বোলার। তাই আমি একটু পক্ষপাতিত্ব করব। দু’নম্বরে থাকবে শামি ভাই। ও যে কোনও উইকেটে সুইং করাতে পারে। দুর্দান্ত বোলার। কুলদীপ ভাইকে তিনে রাখব। কারণ, ওর মতো ক্ষমতা খুব কম বোলারের আছে। চার নম্বরে যুজি ভাই। ওর সঙ্গে পঞ্জাব কিংসে খেলি। পাঁচে অশ্বিন ভাই।”
অশ্বিনকে পাঁচ নম্বরে রাখার কারণেই ক্ষমা চেয়ে নিয়েছেন অর্শদীপ। তিনি বলেন, “আমি অশ্বিন ভাইকে পাঁচ নম্বরে রাখতে চাইনি। কিন্তু উপায় নেই। অশ্বিন ভাই আইপিএলে আমার প্রথম অধিনায়ক। সরি, অশ্বিন ভাই। আমি মেসেজ করে ওর কাছে ক্ষমা চেয়ে নেব।”
আরও পড়ুন:
তালিকায় অবশ্য জসপ্রীত বুমরাহকে রাখেননি অর্শদীপ। ভারতের তিন ফরম্যাটেই তিনি সেরা বোলার। অর্শদীপ জাতীয় দলে সবচেয়ে বেশি তাঁর সঙ্গেই খেলেছেন। সেই পেসারকেই বাদ দিয়েছেন তিনি।
২০১৯ সালের ছোট নিলামে ২০ লক্ষ টাকায় অর্শদীপকে কিনেছিল পঞ্জাব। সেই সময় অশ্বিন ছিলেন দলের অধিনায়ক। আইপিএলে ভাল বল করার ফলেই জাতীয় দলে সুযোগ পান অর্শদীপ। টি-টোয়েন্টিতে তিনি ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। নিজের প্রথম অধিনায়ককে পাঁচ নম্বরে রাখায় ক্ষমা চেয়ে নিলেন তিনি।