আদালতে স্বস্তি পেলেন ব্রিজভূষণ শরণ সিংহ। মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতনের মামলায় মুক্তি পেয়েছেন তিনি। ২০২৪ সালের মে মাসে ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে মামলা দায়ের হয়েছিল। সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত মুক্তি দিয়েছে তাঁকে। কুস্তিগির বিনেশ ফোগাট, সাক্ষী মালিকেরা ব্রিজভূষণের বিরুদ্ধে বার বার অভিযোগ করেছেন। তার পরেও প্রাক্তন কুস্তিকর্তা মুক্তি পেলেন।
দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অশ্বিনী পানওয়ার ব্রিজভূষণের মুক্তির নির্দেশ দিয়েছেন। ব্রিজভূষণের পাশাপাশি এই মামলায় আরও এক অভিযুক্ত বিনোদ তোমরকেও মুক্তি দেওয়া হয়েছে। তিনি ভারতের কুস্তিসংস্থার প্রাক্তন সহ-সচিব।
দুই পক্ষের শুনানি, সাক্ষীর বয়ান সব শোনার পর এই নির্দেশ দেওয়া হয়েছে। পুরো বিচারপ্রক্রিয়া ক্যামেরাবন্দি করা হয়েছে। এই মামলায় কুস্তিগিরদের হয়ে সওয়াল করেছিলেন সিনিয়র আইনজীবী রেবেকা জন। ব্রিজভূষণের হয়ে মামলা লড়েন আইনজীবী রাজীব মোহন।
ব্রিজভূষণের বিরুদ্ধে ৩৫৪, ৩৫৪এ, ৩৫৪ডি ও ৫০৬ (১) নম্বর ধারায় মামলা দায়ের হয়েছিল। তোমরের বিরুদ্ধে ১০৯ ধারায় মামলা হয়েছিল। দু’জনেই অবশ্য জামিনে ছিলেন। এ বার মুক্তি পেলেন তাঁরা।
আরও পড়ুন:
গত লোকসভা ভোটের আগে ভারতীয় কুস্তিসংস্থার তৎকালীন সভাপতি তথা বিজেপি নেতা ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগে তোলপাড় হয়েছিল গোটা দেশ। বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটের মতো কুস্তিগিরেরা অভিযোগ করেছিলেন ব্রিজভূষণের বিরুদ্ধে। ছয় মহিলা কুস্তিগিরকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। তার মধ্যে এক নাবালিকাও ছিল।
ব্রিজভূষণের শাস্তির দাবিতে দিল্লির যন্তর মন্তরে ধর্না দিয়েছিলেন কুস্তিগিরেরা। চাপে পড়ে পদত্যাগ করেন ব্রিজভূষণ। পরে কুস্তিসংস্থার নতুন সভাপতি হন সঞ্জয় সিংহ। যদিও বিনেশদের অভিযোগ, সঞ্জয় নামেই সভাপতি। এখনও ভারতীয় কুস্তি চালান ব্রিজভূষণই।
ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লির আদালতে যৌন নিগ্রহের মামলা হয়। তবে পকসো থেকে রেহাই পান তিনি। ব্রিজভূষণের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়ার সময়েই পকসো মামলাটি বাতিলের আর্জি জানিয়ে আদালতে রিপোর্ট জমা দেয় পুলিশ। এ বিষয়ে অভিযোগকারিণী নাবালিকা এবং তার পিতাকে নোটিস দেয় আদালত। তাঁদের জবাব জানতে চাওয়া হয়। ২০২৩ সালের অগস্ট মাসে আদালতে তাঁরা সশরীর হাজিরা দেন। সেখানে তাঁরা জানান যে, পুলিশের রিপোর্টে তাঁদের আপত্তি নেই। তার ভিত্তিতেই ব্রিজভূষণকে পকসো মামলা থেকে রেহাই দেয় আদালত। এ বার বাকি সব অভিযোগ থেকেও মুক্তি পেলেন তিনি।