বিবৃতি দিয়ে আইএসএল থেকে দল তুলে নেওয়ার কথা জানিয়েছে জামশেদপুর এফসি। এই সিদ্ধান্তে অবাক সুনীল ছেত্রী। তাঁর মতে, এই সিদ্ধান্ত যেন ‘পেটে সপাটে ঘুষি’ হজম করার মতোই। টাটা গোষ্ঠীর কাছে আবেদন করেছেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার।
সমাজমাধ্যমে সুনীল লিখেছেন, “জামশেদপুর প্রথম দল তুলে নিচ্ছে, এটা আমাদের কাছে পেটে ঘুষি হজম করার মতোই। ফুটবলার এবং সাপোর্ট স্টাফেরা হঠাৎই ক্লাবহীন হয়ে গেলেন। শেষ পর্যন্ত হয়তো ক্লাব পেয়ে যাবেন। লিগে একটা ক্লাব কমে গেল। তাতেও হয়তো মরসুম এগিয়ে যাবে। কিন্তু ভারতীয় ফুটবলে শীর্ষস্তরে টাটা গোষ্ঠীর কোনও ক্লাব থাকবে না— এটা এমন একটা বিপর্যয় যার কোনও বিকল্প নেই।”
২০১৭-য় আইএসএল খেলা শুরু করে জামশেদপুর। পাঁচ বছর পর তারা লিগ-শিল্ডও জেতে। কিন্তু আচমকাই ক্লাব বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে অনেকেই অবাক। ফুটবলারেরা একযোগে আবেদন জানিয়েছেন নতুন করে ভাবার।
সুনীল লিখেছেন, “ভারতীয় ফুটবলের অংশীদার হতে গেলে অনেক সাহস লাগে। গত কয়েক বছর এতটাই খারাপ পরিস্থিতি চলছে। কিন্তু আশেপাশের সব কিছু ভেঙে পড়ার আগে আপনি পরিবারের সকলকে পাশে চান, যাতে সকলকে জড়িয়ে থাকতে পারেন। প্রবীণদের কাছে আশ্বাস চাওয়া হয়। তেমন ভাবেই টাটা গোষ্ঠী, টাটা ফুটবল অ্যাকাডেমি এবং জামশেদপুর এফসি আমাদের কাছে একটা স্তম্ভের মতো ছিল।”
সুনীল আরও লিখেছেন, “আমি জানি খেলাধুলোয় কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। শুধু অনুরোধ করতে পারি যাতে টাটা গোষ্ঠীর শীর্ষকর্তারা মাথার বদলে মনের কথা শোনেন এবং সিদ্ধান্ত নিয়ে আবার ভাবেন। হয়তো খারাপ ব্যবসায়িক সিদ্ধান্ত হতে পারে। কিন্তু ভারতীয় ফুটবলের জন্য আপাতত এটাই দরকার।”
উল্লেখ্য, গত ৩১ জুলাই জামশেদপুর ঘোষণা করে তারা দল নামাবে না। সূত্রের খবর, ক্লাবের বোর্ড অফ ডিরেক্টরেরা সিদ্ধান্ত নিয়েছেন প্রথম দল না নামানোর। ২০১৭-য় প্রতিষ্ঠিত হয়েছিল জামশেদপুর। ২০২২-এ লিগ-শিল্ডও জিতেছিল। তবে নাম তোলার সিদ্ধান্ত আচমকা নেওয়া হয়নি। ফেডারেশন এবং আইএসএলের ক্লাবগুলির মধ্যে যখন লিগ চালানোর স্বত্ব নিয়ে দরকষাকষি চলছে, তখন থেকেই জামশেদপুরের কর্তারা নাম তোলার ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করেছিলেন।
আরও পড়ুন:
-
কাজ হল লভলিনার প্রতিবাদে, ভারতের ভুল মানচিত্র ছাপানোয় ক্ষমা চাইল গ্লাসগোর রেস্তোরাঁ, মোছা হল সমাজমাধ্যম অ্যাকাউন্ট
-
ভারতের জার্সি আবার গায়ে চাপাবেন ভুবনেশ্বর? অশ্বিনের অনুরোধের জবাবে কী বললেন পর পর দু’বার আইপিএল জয়ী পেসার
-
আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জিতলে এখন আরও বেশি টাকা পাবেন ভারতীয় ক্রীড়াবিদেরা, পুরস্কারমূল্য বাড়াল কেন্দ্রীয় সরকার
জামশেদপুর জানিয়েছে, আগের মতোই ফুটবলের উন্নতিতে তারা কাজ করবে। তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনার চেষ্টা করা হবে। যে সব কোচ, ফুটবলারদের চুক্তি রয়েছে, তাঁদের পুরো বেতনও দিয়ে দেওয়া হবে।