প্রায় ১৯ বছর আগে পেশাদার ক্রিকেটে অভিষেক হয়েছে তাঁর। দীর্ঘ দু’দশকব্যাপী ক্রিকেটজীবনে ভারতের হয়ে অনেক কিছু অর্জন করেছেন তিনি। বেঙ্গালুরুকে টানা দু’বার আইপিএল জেতানোর পর সেই ভুবনেশ্বর কুমারকে আবার ভারতের জার্সিতে ফেরানোর দাবি তুলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই অনুরোধের জবাব দিয়েছেন ভারতের পেসার।
ভুবনেশ্বর জানিয়ে দিয়েছেন, ভারতের জার্সিতে ফেরার স্বপ্ন আর দেখেন না। তবে সুযোগ এলে যে খেলতে রাজি, সেটাও স্পষ্ট করেছেন। যে ক’বছর বাকি আছে, ক্রিকেটটা উপভোগ করতে চান। আরসিবি-র প্রকাশিত একটি ভিডিয়োয় ভুবনেশ্বর বলেছেন, “এখনও আইপিএল এবং ঘরোয়া ক্রিকেট খেলি, কারণ খেলাটাকে ভালবাসি। বয়স কম হলে এবং ভারতের হয়ে খেললে, খেলাকে ভালবাসি এ কথা বলা সহজ। তবে এখন ভাল করে কিছু কথার আসল অর্থ বুঝতে পারি। অনেকে বলেন, ‘যা নিয়ন্ত্রণ করা যায় সেগুলোই নিয়ন্ত্রণ করো’, ‘বেশি ভেবো না’, ‘আবেগের জন্য ক্রিকেট খেলি’। এই কথাগুলোর আসল অর্থ এখন ধরতে পারি।”
দীর্ঘ দিন ধরেই ভারতীয় দল থেকে ব্রাত্য ভুবনেশ্বর। শেষ বার খেলেছিলেন ২০২২-এর নভেম্বরে। কিন্তু আইপিএলে ভাল খেলার সুবাদে ভুবনেশ্বরকে ২০২৭ এক দিনের বিশ্বকাপ দলে নেওয়ার জন্য নির্বাচকদের ভেবে দেখতে বলেছেন অশ্বিন।
আরও পড়ুন:
-
আইপিএলে কি সত্যিই অন্য দলে যোগ দিচ্ছেন হার্দিক? জল্পনা নিয়ে মুখ খুললেন মুম্বই ইন্ডিয়ান্সের কর্তা
-
ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! কমনওয়েলথ গেমসে গিয়ে স্কটল্যান্ডের রেস্তোরাঁয় মেজাজ হারালেন লভলিনা
-
২৫ ছয়, ১৫ চার, ৯১ বলে ২৩৩ রান! স্থানীয় ক্রিকেট ম্যাচে ঝড় তুলে দিলেন অভিষেক শর্মা, ফর্মে ফিরতে পারবেন?
-
আইপিএলের ধাঁচে বেলিংহ্যাম-বরণ শাস্ত্রীর! ভারতীয় ধারাভাষ্যকারের বর্ণনায় চমকে গেলেন বিশ্বকাপে সাত গোল করা ফুটবলারও
তবে সে রকম সম্ভাবনা দেখছেন না ভুবনেশ্বর। বলেছেন, “আমি ভারতের হয়ে ইতিমধ্যেই খেলে ফেলেছি। এখন আর তার জন্য লড়তে পারব না। সুযোগ পেলে খুবই ভাল হবে। খেলার জন্য তৈরি। এখনও পর্যন্ত যা করেছি তা খেলাটাকে ভালবাসি বলেই। শৃঙ্খলা বজায় রাখতে হবে। ঘরোয়া ক্রিকেটে খেলি। ইউপি টি২০ লিগে খেলি। ক্রিকেটের কাছাকাছি থাকার চেষ্টা করি। যথেষ্ট বিরতিও নিই যাতে তরতাজা থাকতে পারি।”