Advertisement
E-Paper

ন‍্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! কমনওয়েলথ গেমসে গিয়ে স্কটল্যান্ডের রেস্তোরাঁয় মেজাজ হারালেন লভলিনা, প্রতিবাদী ভারতীয় বক্সিং সংস্থাও

‘মিস্টার সিংহ’স ইন্ডিয়া- দ্য হোম অফ কারি’ নামে গ্লাসগোর একটি রেস্তোরাঁ ভারতীয় দলকে আমন্ত্রণ জানিয়েছিল। খেতে যান ভারতীয় খেলোয়াড়েরা। সেখানে দেশের বিকৃত মানচিত্র দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি অসমের বক্সার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৬ ১২:৩১
Picture of Sports

লভলিনা বরগোঁহাই। ছবি: পিটিআই।

গ্লাসগোর রেস্তোরাঁয় খেতে গিয়ে মেজাজ হারালেন বক্সার লভলিনা বরগোঁহাই। তাঁর প্রতিবাদে সঙ্গী হয়েছে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়াও (বিএফআই)। রেস্তোরাঁয় দেওয়া হাত মোছার কাগজে (ন্যাপকিন) ভারতের অসম্পূর্ণ মানচিত্র দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি কমনওয়েলথ গেমসে রুপোজয়ী বক্সার।

‘মিস্টার সিংহ’স ইন্ডিয়া- দ্য হোম অফ কারি’ নামে গ্লাসগোর একটি রেস্তোরাঁ ভারতীয় দলকে আমন্ত্রণ জানিয়েছিল। আমন্ত্রণ রক্ষা করে সেখানে খেতে যান ভারতীয় খেলোয়াড়েরা। সেখানে হাত মোছার জন্য যে কাগজ রাখা ছিল, তাতে রেস্তোরাঁর নামের সঙ্গে ছাপা ছিল ভারতের মানচিত্র। কিন্তু সেই মানচিত্র অসম্পূর্ণ। তাতে কাশ্মীরের একাংশ এবং গোটা উত্তর-পূর্ব ভারত ছিল না। কাগজগুলিতে দেশের এমন বিকৃত মানচিত্র দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি লভলিনা। প্রতিবাদ করেন তিনি। লভলিনা বলেন, ‘‘ন্যাপকিনে যে মানচিত্র ছাপা হয়েছে, তাতে গোটা উত্তর-পূর্ব ভারত নেই। এটা মেনে নেওয়া যায় না। দেশের প্রতিটি প্রান্তই গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ মানচিত্রের ছাপ থাকা উচিত।’’

অলিম্পিক্স পদকজয়ী বক্সারের বক্তব্যকে সমর্থন করেছে বিএফআই। সংস্থার সভাপতি অজয় সিংহ বলেছেন, ‘‘মানচিত্রে কাশ্মীরের একাংশও নেই ন্যাপকিনে। আমরা রেস্তোরাঁ কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব ভুল সংশোধন করে নেওয়ার কথা বলেছি।’’ গ্লাসগোর ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষ অবশ্য ভারতের বিকৃত মানচিত্র ছাপানো নিয়ে মুখ খোলেনি। তবে সংস্থার এক কর্তার দাবি, দ্রুতই ভুল সংশোধন করে নেওয়া হতে পারে।

Lovlina Borgohain glasgow Restaurant Boxing federation of India

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy