আরও চাপে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হয়েছে ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা উয়েফা। বিশ্বকাপ-সহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতা বেসরকারি সংস্থার কাছে বেচতে গিয়ে ফুটবল বিশ্বে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছেন ইনফান্তিনো।
বিশ্বকাপ-সহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতা বেসরকারি সংস্থার কাছে বিক্রি করে দিয়ে মোটা আর্থিক লাভের পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। তা করতে গিয়ে তাঁর ফিফা সভাপতি পদই হারানোর পরিস্থিতি তৈরি হয়েছে। ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইনফান্তিনোকে আর ফিফা সভাপতি হিসাবে চায় না উয়েফা। ইনফান্তিনো নিজে ইস্তফা না দিলে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসবে ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা। উয়েফার ৫৫টি সদস্য দেশ মিলে ইনফান্তিনোকে ফিফা থেকে তাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
নিয়ম অনুযায়ী, ফিফা সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য ৪৩টি সদস্য দেশের সমর্থন প্রয়োজন। সেই সংখ্যা উয়েফার কাছেই রয়েছে। উয়েফা কর্তাদের আশা, প্রস্তাব এলে উত্তর আমেরিকা, এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশের সমর্থন তাঁরা পাবেন। ফিফা সভাপতির পদ থেকে ইনফান্তিনোকে সরানো কঠিন হবে না বলেই মনে করছেন তাঁরা।
ফিফা একটি সংস্থা তৈরি করতে চাইছিল। তার নাম ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইসেস’। বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপের মতো প্রতিযোগিতা পরিচালনা করত এই সংস্থা। ইনফান্তিনোদের আশা, অন্তত ২১ শতাংশ মালিকানা বেসরকারি সংস্থার কাছে বিক্রি করা যাবে। এতে ফিফার পকেটে ৪০ হাজার কোটি টাকা ঢুকবে। এই প্রস্তাবের বিরুদ্ধেই একজোট হয়েছে ইউরোপ, এশিয়া এবং উত্তর আমেরিকার দেশগুলি। ইউরোপ এবং উত্তর আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা সরাসরি বিরোধিতা করার পরই সুর নরম করেছিল ফিফা। জানানো হয়েছিল, কেউ বিশ্বকাপ বিক্রি করতে চাইছে না। এশিয়ান ফুটবল কনফেডারেশনও বিরোধিতা করার পর প্রস্তাব বাতিল করতে বাধ্য হয় ফিফা।