Advertisement
E-Paper

কাজ হল লভলিনার প্রতিবাদে, ভারতের ভুল মানচিত্র ছাপানোয় ক্ষমা চাইল গ্লাসগোর রেস্তোরাঁ, মোছা হল সমাজমাধ্যম অ্যাকাউন্ট

হাত মোছার কাগজে ভারতের ভুল মানচিত্র ছাপানোয় স্কটল্যান্ডের গ্লাসগোর এক ভারতীয় রেস্তোরাঁর প্রতি ক্ষোভপ্রকাশ করেছিলেন বক্সার লভলিনা বরগোঁহাই। সেই প্রতিবাদে কাজ হল ২৪ ঘণ্টার মধ্যেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৬ ২২:২৭
sports

লভলিনা বরগোঁহাই। ছবি: পিটিআই।

হাত মোছার কাগজে ভারতের ভুল মানচিত্র ছাপানোয় স্কটল্যান্ডের গ্লাসগোর এক ভারতীয় রেস্তোরাঁর প্রতি ক্ষোভপ্রকাশ করেছিলেন বক্সার লভলিনা বরগোঁহাই। সেই প্রতিবাদে কাজ হল ২৪ ঘণ্টার মধ্যেই। রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছেন, দ্রুত সঠিক মানচিত্র ছাপা হবে। ভারতীয়দের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে ওই রেস্তোরাঁ।

এ দিন সমাজমাধ্যমের অ্যাকাউন্ট ডিলিট করেছে ‘মিস্টার সিংহ্‌জ ইন্ডিয়া: দ্য হোম অফ কারি’ নামে ওই রেস্তোরাঁ। এর পরেই তারা একটি বিবৃতি প্রকাশ করেছে। জানিয়েছে, ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে তারা গর্বিত। ৩২ বছর ধরে ভারত এবং গোটা বিশ্বকে পরিষেবা দিয়ে আসছে তারা।

ভারতের মানচিত্র ভুল ভাবে ছাপানোর জন্য বিবৃতির শুরুতেই শর্তহীন ক্ষমা চাওয়া হয়েছে রেস্তোরাঁর তরফে। তারা লিখেছে, “আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে সমস্যার সমাধান করব। আরও এক বার ক্ষমা চাইছি। ভারতীয় মহাদেশের মানুষকে পরিষেবা দিতে গিয়ে কাউকে আঘাত করা আমাদের অভিপ্রায় ছিল না।”

তারা আরও লিখেছে, “সঠিক ম্যাপ দিয়ে আবার আমাদের লোগো প্রকাশ করা হবে। ভারতীয় দল কমনওয়েলথ গেমসে দুর্দান্ত খেলেছে। তাদের পরিষেবা দিতে পারা আমাদের কাছে গর্বের ব্যাপার। আশা করি প্রত্যেকের কাছে বিকেলটা সুন্দর গিয়েছে। সারাজীবন এই স্মৃতি মনে রাখব আমরা।”

উল্লেখ্য, গ্লাসগোর ওই রেস্তোরাঁ ভারতীয় দলকে আমন্ত্রণ জানিয়েছিল। আমন্ত্রণ রক্ষা করে সেখানে খেতে যান ভারতীয় খেলোয়াড়েরা। সেখানে হাত মোছার জন্য যে কাগজ রাখা ছিল, তাতে রেস্তোরাঁর নামের সঙ্গে ছাপা ছিল ভারতের মানচিত্র। কিন্তু সেই মানচিত্র অসম্পূর্ণ। তাতে কাশ্মীরের একাংশ এবং গোটা উত্তর-পূর্ব ভারত ছিল না। কাগজগুলিতে দেশের এমন বিকৃত মানচিত্র দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি লভলিনা। প্রতিবাদ করেন তিনি। লভলিনা বলেন, ‘‘ন্যাপকিনে যে মানচিত্র ছাপা হয়েছে, তাতে গোটা উত্তর-পূর্ব ভারত নেই। এটা মেনে নেওয়া যায় না। দেশের প্রতিটি প্রান্তই গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ মানচিত্রের ছাপ থাকা উচিত।’’

অলিম্পিক্স পদকজয়ী বক্সারের বক্তব্যকে সমর্থন করে বিএফআই। সংস্থার সভাপতি অজয় সিংহ বলেন, ‘‘মানচিত্রে কাশ্মীরের একাংশও নেই ন্যাপকিনে। আমরা রেস্তোরাঁ কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব ভুল সংশোধন করে নেওয়ার কথা বলেছি।’’

Commonwealth Games 2026 Lovlina Borgohain

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy