Advertisement
E-Paper

শ্রীলঙ্কা সফরে বুমরাহের পরিবর্ত ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড! জানা গেল কার উপর ভরসা রাখলেন নির্বাচকেরা

শ্রীলঙ্কা সফরে যে জসপ্রীত বুমরাহ খেলতে পারবেন না, তা আগেই জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এ বার তাঁর পরিবর্ত ঘোষণা করে দিল তারা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৬ ১২:০৪
cricket

জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

জল্পনাই সত্যি হল। শ্রীলঙ্কা সফরে যে জসপ্রীত বুমরাহ খেলতে পারবেন না, তা আগেই জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এ বার তাঁর পরিবর্ত ঘোষণা করে দিল তারা। জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবি দারকে বুমরাহের পরিবর্ত হিসাবে নেওয়া হয়েছে।

আকিব এখনও দেশের জার্সি গায়ে কোনও ম্যাচ খেলেননি। তবে গত দু’মরসুম ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল পারফর্ম করছেন। গত বছর রঞ্জি ট্রফিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন ২৯ বছরের বোলার। তাঁর পারফরম্যান্সে খুশি নির্বাচকেরা। দিল্লি ক্যাপিটালসের বোলার ৪৩টি প্রথম শ্রেণির ম্যাচে ১৬২টি উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টেও ভাল বল করেছিলেন। তাই তাঁর উপরেই ভরসা রাখা হয়েছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের সময় চোট পান বুমরাহ। হাঁটু ফুলে যাওয়ায় লর্ডসে তৃতীয় এক দিনের ম্যাচ খেলতে পারেননি। মনে করা হয়েছিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলতে সমস্যা হবে না তাঁর। দু’দিন আগে সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছিলেন, বুমরাহ ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন। তাতে আশা তৈরি হয় ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

রবিবার সেই আশায় জল ঢেলে দেন বিসিসিআইয়েরই আর এক কর্তা। তিনি বলেন, ‘‘অতীতে অনেক সময় তাড়াহুড়ো করে ক্রিকেটারদের মাঠে ফেরানো হয়েছে। তার পর তারা আবার চোট পেয়েছে। আমরা আর এমন ঝুঁকি নিতে চাই না। বিশেষ করে বুমরাহের মতো বোলারের ক্ষেত্রে। সামনে প্রচুর ক্রিকেট রয়েছে। আমরা ওকে সম্পূর্ণ সুস্থ করেই মাঠে ফেরাতে চাই। এশিয়ান গেমস রয়েছে। নিউ জ়িল্যান্ড সফর রয়েছে। আগামী বছরের শুরুতে বর্ডার-গাওস্কর সিরিজ় আছে।’’ বোর্ডের ওই কর্তা জানিয়েছেন, নির্বাচক কমিটিকেও বুমরাহের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

তার পরেই বুমরাহের পরিবর্ত হিসাবে আকিবের নাম জানিয়ে দিয়েছে বোর্ড। তবে তাঁর খেলার সম্ভাবনা কম। কারণ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণেরা দলে রয়েছেন। শ্রীলঙ্কার পিচে সাধারণত দুই পেসারের বেশি খেলানো হয় না। তাই ভারতীয় দলে সুযোগ পেলেও আকিবের অভিষেকের সম্ভাবনা কম।

Jasprit Bumrah Team India

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy