ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম চারটি টি-টোয়েন্টি ম্যাচের একটিতেও বৈভব সূর্যবংশীকে খেলাননি গৌতম গম্ভীর। ১৫ বছরের ব্যাটার মাঠে নামার সুযোগ না পেলেও ভারতীয় শিবিরে ফুরফুরে মেজাজেই রয়েছে। এক ক্রিকেটপ্রেমীকে করা তার মন্তব্য ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
এশিয়ান গেমসে পদকজয়ীদের সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের সোনাজয়ী দলের সদস্য হিসেবে বৈভবও প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গিয়েছিল। বিমানবন্দর থেকে বেরোতেই কিশোর ক্রিকেটারকে ঘিরে ধরেন ছবি শিকারিরা। ভিড়ের মধ্যে সাংবাদিকদের সঙ্গে ছিলেন ক্রিকেটপ্রেমীরাও।
বৈভবের ছবি তোলার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সাধারণত ছবি তোলার আবদার হাসি মুখেই মেটায় বৈভব। তবে দিল্লি বিমানবন্দরে তাকে ঘিরে কয়েক জনের হুড়োহুড়ি দেখে কিছুটা বিরক্ত দেখায় তাকে। তার পরই ছবি শিকারিদের সাবধান করে তার একটি মন্তব্য ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ছবি তোলার জন্য হুড়োহুড়ি করতে গিয়ে যাতে দুর্ঘটনা না ঘটে বা কেউ যাতে আহত না হন, তা নিশ্চিত করার চেষ্টা করে বৈভব। তাকে বলতে শোনা যায়, ‘‘রিল তৈরির নেশায় আপনারা তো গাড়ি চাপা পড়বেন।’’
আরও পড়ুন:
শনিবার বেঙ্গালুরুতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ। চারটি ম্যাচের পর ফল ২-২। অর্থাৎ, শনিবার সিরিজ় নির্ণায়ক ম্যাচে মুখোমুখি হবেন শ্রেয়স আয়ার, শাই হোপেরা। সেই ম্যাচেও বৈভবকে সম্ভবত সাজঘরেই থাকতে হবে।