Advertisement
E-Paper

‘আমিই টার্গেট’, চার ম্যাচের শাস্তি নিয়ে রেফারিকে তোপ ভিনিসিয়াসের, ইয়ামাল, জ়ুলিয়ানদের সুরক্ষা দেওয়ার বার্তা ব্রাজ়িলীয়ের

চার ম্যাচ নিলম্বিত হয়ে ক্ষুব্ধ ভিনিসিয়াস জুনিয়র। তাঁর অভিযোগ, রেফারিরা তাঁকে লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন। অথচ গোটা ম্যাচে তাঁকেই বার বার ফাউল করা হয়। বিশেষ কয়েক জন ফুটবলারকে সুরক্ষা দেওয়ার দাবিও তুলেছেন ব্রাজ়িলীয় স্ট্রাইকার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ ১০:৪৬
Picture of Football

ভিনিসিয়াস জুনিয়র। — ফাইল চিত্র।

চার ম্যাচ নিলম্বিত হয়ে রেফারির বিরুদ্ধে তোপ দাগলেন ভিনিসিয়াস জুনিয়র। লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের ফুটবলার নাথান সালিবার চুল টেনে লাল কার্ড দেখেছিলেন ব্রাজ়িলীয় স্ট্রাইকার। সেই অপরাধের জন্যই তাঁকে চার ম্যাচ নিলম্বিত হতে হয়েছে। এই শাস্তির কারণে বার্সেলোনার বিরুদ্ধে এল ক্লাসিকো খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের ফুটবলার। রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি।

চার ম্যাচ নিলম্বিত হওয়া নিয়ে ভিনিসিয়াস বলেছেন, ‘‘আর কোনও ফুটবলারকে চার ম্যাচ নিলম্বিত করা হয়েছে বলে আমার মনে পড়ছে না। আমার সামনে থাকা প্রতিপক্ষের ফুটবলারকে সরানোর চেষ্টা করছিলাম। তখন ওর চুল আমার হাতে আটকে যায়। তাতেই আমায় লাল কার্ড দেখানো হয়েছে। রেফারির সিদ্ধান্তে বিস্মিত হয়েছিলাম। বিরক্ত হলেও রেফারিকে এমন কোনও অপমানজনক কথা বলিনি, যার জন্য চার ম্যাচের শাস্তি দেওয়া যায়। আসলে আমি ভিনিসিয়াস বলেই ব্যাপারটা সহজ। যে কোনও শাস্তি দিয়ে দেওয়া যায়।’’ তাঁর অভিযোগ, লক্ষ্য হিসেবে রেফারিরা তাঁকে বেছে নিয়েছেন।

সংবাদমাধ্যম এবং প্রতিপক্ষ দল তাঁর শাস্তি সমর্থন করেছে। তা নিয়ে বিস্মিত নন ভিনিসিয়াস। তাঁর কাছে এটাই স্বাভাবিক। আপাতত বিতর্ক ভুলে নিজের খেলায় মন দিতে চাইছেন ব্রাজ়িলীয় তারকা। ভিনিসিয়াস বলেছেন, ‘‘আরও উন্নতি করতে চাই। আমি জানি, কোথা থেকে এসেছি। এটাও জানি কতদূর যাওয়ার ক্ষমতা রয়েছে আমার।’’ ভিনিসিয়াসের দাবি, তাঁকে অন্তত ৫০০ বার ফাউল করা হয়েছে। তার মধ্যে মাত্র পাঁচ বার প্রতিপক্ষ দলের ফুটবলার লাল কার্ড দেখেছেন। তিনি বলেছেন, ‘‘প্রতিপক্ষ দলের সমর্থকেরা আমায় বিদ্রুপ করতেই পারেন। কারণ আমি তাঁদের দলের বিরুদ্ধে গোল করি। কিন্তু রেফারির আচরণ বুঝতে পারিনি। আমাদের আক্রমণ ভাগের ফুটবলারদের সবচেয়ে বেশি ফাউল করা হয়। অথচ আমাদেরই কার্ড দেখানো হয়।’’

ভিনিসিয়াসের মতে, যে ফুটবলারেরা খেলায় বাড়তি মাত্রা যোগ করতে পারে, সেই বিশেষ খেলোয়াড়দের সুরক্ষা দেওয়া উচিত রেফারিদের। এ প্রসঙ্গে লামিনে ইয়ামাল, জ়ুলিয়ান আলবারেসের কথা বলেছেন। ভিনিসিয়াসের বক্তব্য, ‘‘রেফারিদের উচিত বিশেষ কয়েক জন ফুটবলারকে সুরক্ষা দেওয়া। যেমন বার্সার ইয়ামাল বা আতলেতিকোর জ়ুলিয়ান। কারণ ওরা খেলায় বাড়তি মাত্রা যোগ করে। আর আমাকে গোটা ম্যাচে বার বার ফাউল করা হয়। আর শেষে আমাকেই লাল কার্ড দেখতে হয়।’’

ভিনিসিয়াস অবশ্য স্বীকার করে নিয়েছেন, তিনি ফর্মে নেই। বেশ কিছু দিন ধরেই তাঁকে চেনা মেজাজে পাওয়া যাচ্ছে না। কলকাতায় ভারতীয় দলের বিরুদ্ধে ব্রাজ়িলের জার্সি গায়েও পরিচিত ভিনিসিয়াসকে দেখতে পাওয়া যায়নি।

Vinicius Jr referee red card suspension Real Madrid

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy