প্রকাশ্যে ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টরের সমালোচনা করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে নিজের ভবিষ্যৎকেই অনিশ্চিত করে তুলেছেন লিসান্দ্রো মার্তিনেজ়। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডারের মন্তব্য ভাল ভাবে নেননি ক্লাব কর্তৃপক্ষ। বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন মার্তিনেজ়। তার পরও শাস্তি এড়াতে পারেননি।
গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের কাছে ০-২ হেরে যায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তার পর সাক্ষাৎকার দেওয়ার সময় ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকক্সকে একহাত নিয়েছেন মার্তিনেজ়। বলেছেন, “টেকনিক্যাল ডিরেক্টরের থেকে আরও বেশি কিছু আশা করেছিলাম। সত্যি বলতে, ফুটবলার হিসেবে আমাদের আরও ভাল খেলা উচিত ছিল। তবে এই ধরনের ম্যাচের জন্য আরও শক্তিশালী দল গড়া দরকার।” দলের ঘন ঘন কোচ বদল নিয়েও মুখ খোলেন মার্তিনেজ়। ২০২২-এর বিশ্বকাপজয়ী ফুটবলার বলেন, “আপনারা খালি কোচ বদল করেন। কিন্তু বাকি দিকগুলোর কী হবে? কোচ বা ফুটবলারদের উপর দোষ দেওয়া সহজ। কিন্তু বাকি দিকগুলো নিয়েও তো ভাবতে হবে।” প্রকাশ্যে এমন সমালোচনা ভাল ভাবে নেননি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ।
আর্জেন্টিনীয় ফুটবলারের সঙ্গে আলোচনায় বসেন ক্লাব কর্তৃপক্ষ। তার পর সমাজমাধ্যমে ২৮ বছরের ফুটবলার লিখেছেন, ‘‘কোচ এবং ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠক করেছি। অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা মতামত বিনিময় করেছি। মঙ্গলবার ম্যাচের পর যা হয়েছিল, তা নিয়েও খোলামেলা আলোচনা হয়েছে।’’ একই সঙ্গে ক্ষমা চেয়ে মার্তিনেজ় বলেছেন, ‘‘সকলে জানেন, আমি একটু আবেগপ্রবণ। ফুটবল ছাড়া আমার ভাবনায় আর কিছু থাকে না। হারের হতাশায় যে ভাবে নিজের আবেগ প্রকাশ করে ফেলেছি, সেটা ঠিক হয়নি। ওই জায়গায় ওটা করাও ঠিক হয়নি। এই ভুলের জন্য ক্ষমা চাইছি।’’
মার্তিনেজ় ক্ষমা চাইলেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে তাঁর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছে ব্রিটেনের সংবাদমাধ্যম বিবিসি। ক্ষমা চাওয়ার পরও মার্তিনেজ়কে জরিমানা করেছেন ক্লাব কর্তৃপক্ষ। আগামী রবিবার লিডস ইউনাইটেডের বিরুদ্ধে তাঁর প্রথম একাদশে জায়গা পাওয়াও নিশ্চিত নয়। চলতি মরসুম শেষ হলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে মার্তিনেজ়ের চুক্তি শেষ হবে। শর্ত অনুযায়ী, দু’পক্ষের সহমতের ভিত্তিতে চুক্তির মেয়াদ আরও এক বছর বৃদ্ধির সুযোগ রয়েছে। কর্তৃপক্ষের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করা মার্তিনেজ়ের সঙ্গে চুক্তির মেয়াদ সম্ভবত বৃদ্ধি করবে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
ব্রিটেনের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ক্ষমা চেয়েও বিশেষ লাভ হয়নি মার্তিনেজ়ের। মার্তিনেজ়ের মন্তব্য সহজ ভাবে নিতে নারাজ কর্তাদের একাংশ। মরসুম শেষে লিয়োনেল মেসির সতীর্থকে দরজা দেখিয়ে দেওয়া হতে পারে। পরিস্থিতি আঁচ করে বসে নেই মার্তিনেজ়ও। তিনি স্পেনের কোনও ক্লাবে খেলতে আগ্রহী বলে জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে।