Advertisement
E-Paper

সৌরভের দিল্লির হয়ে স্টার্কের আইপিএল খেলা অনিশ্চিত, অনুমতি না-ও দিতে পারেন অস্ট্রেলিয়ার কোচ

অ্যাশেজ় সিরিজ়, এক দিনের বিশ্বকাপ-সহ ঠাসা আন্তর্জাতিক সূচিতে মিচেল স্টার্ককে প্রয়োজন অস্ট্রেলিয়ার। বয়সও বেড়েছে বাঁহাতি জোরে বোলারের। তাঁর শারীরিক ধকলের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ ১১:৪৩
Picture of Cricket

(বাঁ দিকে) সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মিচেল স্টার্ক (ডান দিকে)। — ফাইল চিত্র।

আগামী আইপিএলে মিচেল স্টার্কের খেলা অনিশ্চিত। তাঁকে ভারতে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজ়ি লিগ খেলার অনুমতি না-ও দিতে পারেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অস্ট্রেলিয়ার ঠাসা আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখে স্টার্ককে সতর্ক করে দিয়েছেন তিনি।

জাতীয় দল এবং টেস্ট ক্রিকেটকে সব সময় গুরুত্ব দেন স্টার্ক। অতীতেও দেশের স্বার্থকে এগিয়ে রেখে আইপিএল খেলেননি অস্ট্রেলিয়ার জোরে বোলার। আগামী আইপিএলেও তাঁকে না-ও পাওয়া যেতে পারে। তবে এ বার নিজের সিদ্ধান্তে নয়, কোচের সিদ্ধান্তে তাঁকে দূরে থাকতে হতে পারে। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার ঠাসা সূচি। আইপিএল খেলার সম্ভাবনা নিয়ে স্টার্ক বলেছেন, ‘‘বিষয়টা নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি।’’

ম্যাকডোনাল্ড তাঁকে ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেট এবং আন্তর্জাতিক সূচির মধ্যে ভারসাম্য বজায় রাখার নির্দেশ দিয়েছেন। একটি ক্রিকেট ওয়েবসাইটকে ম্যাকডোনাল্ড বলেছেন, ‘‘জানি, আর কিছু দিনের মধ্যে লোকজন আইপিএল নিয়ে কথা বলা শুরু করবে। সেই সময়টা সকলে উপভোগ করতে চাইবেন। আইপিএল আমাদেরও অনেক খেলোয়াড়ের জন্য পরিকল্পনার অংশ। নিশ্চিত ভাবে আইপিএলের টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা প্রতিযোগিতা। সেখানে আমাদের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়দের পারফরম্যান্সের গুরুত্বও রয়েছে। আমরাও চাই আমাদের সেরা ক্রিকেটারেরা আইপিএল খেলার সুযোগ পাক। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ভারসাম্য বজায় রাখাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’

ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ় সিরিজ়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, এক দিনের বিশ্বকাপ-সহ ঠাসা সূচিতে স্টার্ককে প্রয়োজন অস্ট্রেলিয়ার। বয়সও বেড়েছে বাঁহাতি জোরে বোলারের। তাই তাঁর শারীরিক ধকলের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন ম্যাকডোনাল্ড। গত মরসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলেছেন স্টার্ক। আগামী মরসুমেও দিল্লির হয়ে খেলার কথা তাঁর। দিল্লির কোচ হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। স্টার্ককে সৌরভ পাবেন কিনা, তা অনেকটাই নির্ভর করবে অস্ট্রেলিয়ার কোচের উপর। একাধিক গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ়ের কথা মাথায় রেখে স্টার্ককে আইপিএলের আড়াই মাস বিশ্রাম নেওয়ার পরামর্শ দিতে পারেন ম্যাকডোনাল্ড। ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি রিপোর্ট থেকে এমনই জানা গিয়েছে।

২০১৬ থেকে ২০২৩ পর্যন্ত আইপিএল খেলেননি স্টার্ক। তার পর কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লির হয়ে খেলেছেন। শারীরিক ধকলের কথা মাথায় রেখে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও অবসর নিয়েছেন। টেস্ট এবং এক দিনের ক্রিকেটে অস্ট্রেলিয়া দলের নিয়মিত সদস্য স্টার্ক।

Mitchell Starc Sourav Ganguly Delhi Capitals Cricket Australia

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy