Advertisement
E-Paper

ফ্লেমিংয়ের পর পাঁচ সহকারী কোচকে একসঙ্গে ছেঁটে ফেলল চেন্নাই! ধোনিদের দলে নতুন দায়িত্বে কারা

গত কয়েক মরসুমের ব্যর্থতা চেন্নাইকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। পাঁচ বারের চ্যাম্পিয়নেরা চাইছে, নতুন করে আবার শুরু করতে। সেই কারণেই পুরনোদের সরিয়ে দেওয়া হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১১:১৮
cricket

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

আইপিএলের আগামী মরসুমের আগে চেন্নাই সুপার কিংসের কোচিং দল পুরো বদলে গেল। আগেই প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংকে ছেড়ে দিয়েছিল তারা। এ বার পাঁচ সহকারী কোচকে একসঙ্গে ছেড়ে দেওয়া হয়েছে।

এত দিন ধরে দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন মাইক হাসি। বোলিং কোচ ছিলেন এরিক সিমন্স। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ছিলেন গ্রেগ কিং। ফিজ়িয়োথেরাপিস্ট ছিলেন টমি সিমসেক। হাসির সহকারী ছিলেন রাজীব কুমার। এই পাঁচ জনকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছে চেন্নাই সুপার কিংস। এত দিন দলে তাঁদের অবদানের জন্য তাঁদের ধন্যবাদও জানানো হয়েছে।

ফ্লেমিংকে ছেড়ে দেওয়ার পর চেন্নাই প্রধান কোচ করেছে জ়াহির খানকে। আপাতত এক বছরের চুক্তিতে নেওয়া হলেও দেখে মনে হচ্ছে, চুক্তি আরও বাড়বে জ়াহিরের। তাঁর সঙ্গে আলোচনা করেই সাপোর্ট স্টাফের দল তৈরি করা হচ্ছে।

এখনও পর্যন্ত সিমন্সের বিকল্প নিশ্চিত করেছে চেন্নাই। দলের নতুন বোলিং কোচ হয়েছেন মোহিত শর্মা। ব্যাটিং কোচ হওয়ার দৌড়ে এগিয়ে গ্যারেথ ব্যাটি। সাপোর্ট স্টাফের দলে শ্রীধরণ শ্রীরামের নাম উঠে আসছে। তবে তাঁদের বিষয়ে এখনও কোনও ঘোষণা করেনি চেন্নাই।

গত কয়েক মরসুমের ব্যর্থতা চেন্নাইকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। পাঁচ বারের চ্যাম্পিয়নেরা চাইছে, নতুন করে আবার শুরু করতে। সেই কারণেই পুরনোদের সরিয়ে দেওয়া হয়েছে। মহেন্দ্র সিংহ ধোনিও আর ক’দিন খেলবেন তা নিয়ে সংশয় রয়েছে। গত মরসুমে একটিও ম্যাচ খেলেননি তিনি। জল্পনা, এই মরসুমে শেষ বারের জন্য তাঁকে চেন্নাইয়ের জার্সিতে খেলতে দেখা যেতে পারে। তার পর হয়তো ধোনিকেও দেখা যাবে চেন্নাইয়ের কোচিং স্টাফে। মেন্টরের দায়িত্ব সামলাতে পারেন দলকে পাঁচ বার চ্যাম্পিয়ন করা অধিনায়ক।

IPL CSK MS Dhoni Zaheer Khan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy