প্রধান নির্বাচক পদে অজিত আগরকরই থাকবেন কি না তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার বোর্ডকর্তাদের হাতেই ছেড়ে দেওয়া হল। শুক্রবার বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আগরকরকেই রাখা হবে না কি প্রধান নির্বাচক পদে অন্য কাউকে আনা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবেন বোর্ডের কর্তারা। ৪ অক্টোবর শেষ হচ্ছে আগরকরের মেয়াদ। এ দিনের বার্ষিক সাধারণ সভায় কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
শুক্রবার মুম্বইয়ে বোর্ডের সাধারণ সভা ছিল। সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, কর্নাটক সংস্থার সভাপতি বেঙ্কটেশ প্রসাদেরা হাজির ছিলেন। বৈঠক থেকে বোর্ডের এক কর্তা বলেন, “নির্বাচক কমিটি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার দেওয়া হয়েছে বোর্ডকর্তাদের হাতে।” জুনিয়র নির্বাচক কমিটির পাঁচটি পদও পূরণ করতে হবে। সেগুলি কী ভাবে হবে তা জানানো হয়নি।
আগরকরকে সরানো হলেও এখনই প্রধান নির্বাচক পদে কাউকে আনা যাবে না। নিয়ম মতো আগে বিজ্ঞাপন দিতে হবে। এর পর বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকার নিতে হবে। ফলে সময় লাগবে। শোনা যাচ্ছে, প্রধান নির্বাচক হতে পারেন প্রাক্তন ক্রিকেটার পার্থিব পটেল।
এ দিকে, প্রায় দু’বছর কোনও টেস্ট ম্যাচ হয়নি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মুম্বই ক্রিকেট সংস্থার সচিব উন্মেষ খানবিলকর এ দিন দাবি করেন, সেই মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচ দিতে। শেষ বার ২০২৪-এ নিউ জ়িল্যান্ড টেস্ট আয়োজন করেছিল ওয়াংখেড়ে। বোর্ড এ বিষয়ে মন্তব্য করেনি। তবে পরের বছর ওয়াংখেড়েতে মহিলাদের প্রিমিয়ার লিগ ছাড়াও মহিলাদের চ্যাম্পিয়ন্স লিগ আয়োজন করা হতে পারে।
আরও পড়ুন:
এ দিন আইপিএলের গভর্নিং কাউন্সিলে আবার নির্বাচত হন অরুণ ধুমল এবং খইরুল জামাল মজুমদার। ২০২৮-এ আইপিএলের ২০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ কোনও অনুষ্ঠান হতে পারে। এ দিন ম্যাচ রেফারি এবং আম্পায়ারদের বেতন বাড়ানো হয়েছে।