মেয়েদের এশিয়া কাপ জিতলেও মহসিন নকভির থেকে ট্রফি নিতে রাজি হয়নি ভারতের মহিলা দল। তবে এশিয়ান গেমসে যদি পুরুষ এবং মহিলা দল সোনা জেতে, তা হলে নকভির হাত থেকে পদক পরতে হয়তো আপত্তি জানানো হবে না। সম্প্রতি এমনটাই জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড। দুই প্রতিযোগিতায় দু’রকম অবস্থান নেওয়ায় জল্পনা তৈরি হয়েছে।
‘টাইমস অফ ইন্ডিয়া’কে বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া বলেছেন, “আমরা শুধু ম্যাচের উপরেই নজর দিতে চাই। আগে তো দলকে ভাল খেলে পদকের মঞ্চে পৌঁছতে হবে। তার পর সিদ্ধান্ত নেব। সেই মুহূর্তের পরিস্থিতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।”
শইকীয়ার সংযোজন, “সেতুর কাছে পৌঁছতে পারলে তবেই তো আমরা সেটা পেরোতে পারব। তাই বোর্ড এবং ক্রিকেটারদের কাছে প্রধান লক্ষ্য ম্যাচ জেতা। এখনও যে জিনিস হয়নি তা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নই।”
এশিয়ান গেমস আয়োজন করে অলিম্পিক্স কাউন্সিল অফ এশিয়া। তা হলে নকভি কী ভাবে এশীয় ক্রিকেট সংস্থার প্রধান হিসাবে পদক দিতে পারেন? ওসিএ-র সংবিধানের ৬৬ নম্বর ধারায় জানানো আছে, ওসিএ-র আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের পদক দেবেন ওসিএ সভাপতি। তবে সভাপতি চাইলে তাঁর সঙ্গে থাকা সংশ্লিষ্ট খেলার এশীয় শাখার সভাপতিও পদক দিতে পারেন। ফলে এশীয় ক্রিকেটের প্রধান হিসাবে নকভির পদক দিতে কোনও বাধা নেই।
আরও পড়ুন:
ভারতের পক্ষে প্রতিবাদ জানানোও মুশকিলের। কারণ এশিয়ান গেমসের পদক বিতরণীর সময় কোনও রকম বাণিজ্যিক, রাজনৈতিক, ধর্মীয় এবং বর্ণবিদ্বেষী বার্তা প্রচার করা যায় না। তাই কূটনৈতিক সম্পর্কের দোহাই দিয়ে ভারত কোনও ভাবে পদক বিতরণী অনুষ্ঠান বয়কট করলে শাস্তির মুখে পড়তে পারে।