আরও এক বিশ্বরেকর্ড গড়লেন জো রুট। টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে এই নজির কেউ গড়তে পারেননি। এর আগে টেস্টে অর্ধশতরানের তালিকায় সচিন তেন্ডুলকরকে টপকেছিলেন রুট। এবার চতুর্থ ইনিংসে রানের নিরিখে সকলের উপরে তিনি।
টেস্টের চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান করেছেন রুট। তিনিই প্রথম ব্যাটার যিনি চতুর্থ ইনিংসে ২০০০ রানের বেশি করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টের চতুর্থ ইনিংসে অপরাজিত ৬২ রান করে এই নজির গড়েছেন তিনি।
টেস্টের চতুর্থ ইনিংসে রুটের রান ২০৫৯। দ্বিতীয় স্থানে রয়েছেন সচিন। তাঁর রান ১৬২৫। টেস্টের চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের আরও এক প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুক ১৬১১ রান করেছেন। তিনি তৃতীয় স্থানে রয়েছেন। চার নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথও করেছেন ১৬১১ রান। পঞ্চম স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ়ের শিবনারায়ণ চন্দ্রপল। তিনি ১৫৮০ রান করেছেন।
পাশাপাশি এজবাস্টনে টেস্টে ১০০০ রানের বেশি করেছেন রুট। এই নিয়ে ইংল্যান্ডের চারটি ম্যাচে টেস্টে ১০০০ রানের বেশি করলেন তিনি। বাকি তিনটি মাঠ হল লর্ডস, ম্যাঞ্চেস্টার ও ওভাল।
আরও পড়ুন:
ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন রুট। পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নিজের ৬৯তম অর্ধশতরান করেছেন রুট। এর আগে এই রেকর্ড ছিল সচিনের দখলে। টেস্টে ৬৮টি অর্ধশতরান রয়েছে সচিনের। ভারতীয় তারকাকে ছাপিয়ে গিয়েছেন টেস্টে ইংল্যান্ডের সর্বাধিক রানের মালিক।
এই তালিকায় তিন নম্বরে রয়েছেন শিবনারায়ণ চন্দ্রপল। টেস্টে ৬৬টি অর্ধশতরান রয়েছে তাঁর। চার নম্বরে যৌথ ভাবে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার ও ভারতের রাহুল দ্রাবিড়। দু’জনেরই ৬৩টি করে অর্ধশতরান রয়েছে। পাঁচ নম্বরে থাকা অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ৬২টি অর্ধশতরান করেছেন।