আগামী বছর এক দিনের বিশ্বকাপ। সাউথ আফ্রিকা, জ়িম্বাবোয়ে ও নামিবিয়ায় হবে খেলা। এক বছর আগেই সেই বিশ্বকাপের সেমিফাইনালের চার দলের নাম জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
২০২১ সালে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলেন ফিঞ্চ। তাঁর মতে, ২০১৯ সালের এক দিনের বিশ্বকাপের রানার্স দল নিউ জ়িল্যান্ড এ বার সেমিফাইনালে উঠতে পারবে না। ব্যর্থ হবে পাকিস্তানও। তিনি রেখেছেন ভারত, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে।
একটি সাক্ষাৎকারে ফিঞ্চ বলেন, “আমার প্রথম পছন্দ ভারত। যে ভাবে হ্যারি ব্রুকের নেতৃত্বে ইংল্যান্ড খেলছে, তাতে ওরাও সেমিফাইনালে উঠবে। ওরা আক্রমণাত্মক খেলছে। আমার মতে, এখন এক দিনের ক্রিকেটে ব্রুক সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটার। মনে রাখতে হবে, সাউথ আফ্রিকার পরিবেশের সঙ্গে ইংল্যান্ডের পরিবেশের মিল রয়েছে। ফলে ওদের সুবিধা হবে।”
আরও পড়ুন:
বাকি দুই দলকে নিয়ে বলতে গিয়ে ফিঞ্চ বলেন, “অস্ট্রেলিয়া প্রতি বারই অন্তত সেমিফাইনাল খেলে। দলটা অনেক বদলের মধ্যে দিয়ে যাচ্ছে। তাতে অবশ্য শেষ চারে উঠতে ওদের সমস্যা হবে না। আর নিজেদের দেশের মাটিতে সাউথ আফ্রিকাকে তো রাখতেই হবে।”
ফিঞ্চ যে চার দলের কথা বলেছেন, তাদের মধ্যে ভারত, অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা ২০২৩ সালে ভারতের মাটিতে আয়োজিত এক দিনের বিশ্বকাপেরও সেমিফাইনালে উঠেছিল। চতুর্থ দল ছিল নিউ জ়িল্যান্ড। তাদের বদলে এ বার ইংল্যান্ডের উপর বাজি ধরেছেন ফিঞ্চ।