Advertisement
E-Paper

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দলে রাখতে হবে রোহিতকে, মেয়াদ শেষের মুখে থাকা আগরকরকে বার্তা বোর্ডের

লর্ডসে ১৩৮ রানের আগ্রাসী ইনিংস খেলেন রোহিত শর্মা। যা চাপে ফেলে দিয়েছে নির্বাচকদের। সুবিধা করে দিয়েছে বোর্ড কর্তাদের। ওই ইনিংসের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে রোহিতকে বাদ দেওয়া কঠিন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৬ ১৪:৪০
Picture of Cricket

রোহিত শর্মা। — ফাইল চিত্র।

রোহিত শর্মার অবসর বিতর্কে জড়িয়ে নিজের ভবিষ্যৎই অনিশ্চিত করে ফেলেছেন অজিত আগরকর। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের মাঝে যে ভাবে রোহিতকে অবসর নিতে বলে চাপ তৈরি করা হয়েছিল, তাতে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা। রোহিতের মতো ক্রিকেটারের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পক্ষে নন দেবজিৎ শইকীয়ারা। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ়ের দলে রোহিত রাখার বার্তাও দেওয়া হয়েছে নির্বাচক কমিটিকে।

২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ খেলতে চান রোহিত। অথচ অজিত আগরকর, গৌতম গম্ভীরেরা তাঁকে বিশ্বকাপের পরিকল্পনায় রাখতে চান না। ইংল্যান্ডে সিরিজ়ের মাঝেই রোহিতকে জানিয়ে দেওয়া হয়, তাঁকে আর জাতীয় দলের জন্য ভাবা হবে না। নির্বাচকদের বার্তায় বিস্মিত এবং ক্ষুব্ধ রোহিত সরাসরি অভিযোগ করেন বোর্ডের শীর্ষ কর্তাদের। তাঁকে আস্বস্ত করেন কর্তারা। পরিস্থিতি সামলাতে মুখ খুলতে হয় শইকীয়াকে। বিসিসিআই সচিব জানিয়ে দেন, আরও কিছু দিন রোহিত ভারতের প্রতিনিধিত্ব করবেন। অবসরের সিদ্ধান্ত রোহিত নিজেই নেবেন।

তার পর লর্ডসে ১৩৮ রানের আগ্রাসী ইনিংস খেলেন রোহিত। যা চাপে ফেলে দিয়েছে নির্বাচকদের। সুবিধা করে দিয়েছে বোর্ড কর্তাদেরও। লর্ডসে ওই ইনিংসের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে রোহিতকে বাদ দেওয়া কঠিন আগরকরদের পক্ষে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ়ের দলে রোহিতকে রাখতেই হবে। নির্বাচকদের এমন নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণত দল নির্বাচনে মাথা গলান না বিসিসিআই কর্তারা। কিন্তু রোহিতের ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক দিনের বিশ্বকাপের আগে পর্যন্ত প্রতিটি সিরিজ়ের রোহিতের পারফরম্যান্স মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী সেপ্টেম্বরে প্রধান নির্বাচক হিসাবে আগরকরের তিন বছরের কার্যকালের মেয়াদ শেষ হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের পর তাঁর সঙ্গে বৈঠক করবেন বোর্ড কর্তারা। নিয়ম অনুযায়ী, আগরকরের কার্যকালের মেয়াদ এক বছর বৃদ্ধি করা যায়। এক দিনের বিশ্বকাপের আগে বড় রদবদল চান না কর্তারাও। মাথায় রাখা হচ্ছে, প্রধান নির্বাচক হিসাবে আগরকরের সাফল্যও। কারণ তাঁর সময়ই দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। প্রধান নির্বাচক থাকতে হলে বিতর্কে জড়ালে চলবে না। বিশেষ করে আগ বাড়িয়ে রোহিত বা বিরাট কোহলির মতো ক্রিকেটারদের অবসর নেওয়ার জন্য চাপ দেওয়া যাবে না।

Rohit Sharma BCCI Ajit Agarkar West Indies ODI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy