এত দিন কিছু বলেননি। চুপচাপ অবসরও নিয়েছেন। কিন্তু আর বোধহয় চুপ করে থাকতে পারলেন না অজিঙ্ক রাহানে। তাঁর অবসরের জন্য ঘুরিয়ে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকরকে দায়ী করেছেন তিনি। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটারদের হয়ে ব্যাট ধরেছেন তিনি।
রাহানের মতে, লম্বা ফরম্যাটে অভিজ্ঞতার কোনও বিকল্প নেই। সেখানে সিনিয়র ক্রিকেটারদের সম্মান করতে হয়। সেটা না করে ভুল করেছেন গম্ভীর, আগরকরেরা। কয়েক দিন আগে হঠাৎ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রাহানে। তার পর একটি পডকাস্টে এসে তিনি বলেন, “আমার এখনও মনে হয় টেস্ট দলে ৭ থেকে ৮ জন সিনিয়র ক্রিকেটার থাকা উচিত। ২-৩ জন তরুণ ক্রিকেটার হলেই চলবে। কিন্তু গত কয়েক বছরে আমরা তার উল্টো ছবি দেখেছি। বেশির ভাগ ক্রিকেটারই তরুণ। সিনিয়র আর কে আছে? কিন্তু টেস্টে সেটাই দরকার।”
গম্ভীর ও আগরকর জুটি ভারতীয় ক্রিকেটের মাথায় বসার পর থেকে সিনিয়রের বদলে তরুণদের দিকে বেশি নজর দিয়েছেন। রোহিত ও কোহলি টেস্ট থেকে অবসর নিয়েছেন। অনেকে বলেন, গম্ভীরদের চাপেই সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন দুই তারকা। সিরিজ়ের মাঝে আচমকা অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। চেতেশ্বর পুজারা দীর্ঘদিন সুযোগ পাননি। আর পাওয়ার আশাও নেই। মহম্মদ শামিকে নিয়েও আর ভাবছেন না গম্ভীরেরা। রাহানে নিজেও অবসর নিয়েছেন। সুযোগ না পেয়েই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। গম্ভীরদের নাম না করলেও ঘুরিয়ে সেটাই বোঝাতে চেয়েছেন ভারতের মিডল অর্ডার ব্যাটার।
আরও পড়ুন:
তার ফল ভুগতে হয়েছে ভারতকে। ঘরের মাঠে নিউ জ়িল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে চুনকাম হয়েছে ভারত। ইংল্যান্ডে সিরিজ় ড্র করলেও অস্ট্রেলিয়ায় গিয়ে হারতে হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা কম। অথচ এই দলই প্রথম দুই টেস্ট বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। টেস্টে এক নম্বর দল ছিল ভারত। সেখান থেকে এই অধঃপতনের জন্য কোচ, নির্বাচকদেরই দায়ী করেছেন রাহানে।
লম্বা ফরম্যাটে অভিজ্ঞতা না থাকলে সফল হওয়া যায় না বলেই মনে করেন রাহানে। তিনি বলেন, “অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউ জ়িল্যান্ডকে দেখুন। টেস্ট ও এক দিনের দলে অভিজ্ঞ ক্রিকেটারদের ওরা ভরসা করে। তার ফলও পায়। আমরা তা করিনি। বিশেষ করে গত ২-৩ বছরে। সিনিয়র ক্রিকেটারদের সম্মান করুন। ওরা সেই সম্মানের যোগ্য।”
ঘরে বসে দলের হার দেখতে দেখতে হতাশ হয়ে গিয়েছেন রাহানে। এই দলে কোনও চরিত্রই খুঁজে পান না তিনি। রাহানে বলেন, “ঘরে বসে একের পর এক সিরিজ়ে ভারতের হার দেখতে দেখতে হতাশ হয়ে গিয়েছি। আমার মনে হয়, টেস্ট ও এক দিনের ক্রিকেটে চরিত্রের প্রয়োজন। মানসিক শক্তি ও দৃঢ়তার প্রয়োজন। সেটা এই দলে নেই। আমি আলাদা করে কারও নাম করতে চাই না। কিন্তু এর দায় তো কাউকে নিতেই হবে।”