Advertisement
E-Paper

নির্বাচক হতে চেয়ে আবেদন ওয়াসিম জাফরের, তবে চেয়ারম্যান পদে অন্য একজনকে পছন্দ বোর্ডের

নির্বাচক পদে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল বোর্ড। সেই আবেদনে সাড়া দিয়েছেন ওয়াসিম জাফর। ভারতের নির্বাচক হতে চেয়েছেন তিনি। তবে প্রধান নির্বাচক হওয়া হয়তো হবে না। কেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ ২৩:০৫
cricket

ওয়াসিম জাফর। — ফাইল চিত্র।

অজিত আগরকরের মেয়াদ শেষ হওয়ার পর ভারতের নির্বাচক কমিটিতে শূন্যস্থান তৈরি হয়েছে। সেই পদে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল বোর্ড। সেই আবেদনে সাড়া দিয়েছেন ওয়াসিম জাফর। ভারতের নির্বাচক হতে চেয়েছেন তিনি। তবে প্রধান নির্বাচক হওয়া হয়তো হবে না। সেই পদে অন্য এক ক্রিকেটারকে পছন্দ ভারতীয় বোর্ডকর্তাদের।

সংবাদ সংস্থাকে জাফর জানিয়েছেন, তিনি নির্বাচক পদে আবেদন করেছেন। ‘স্পোর্টস্টার’-এর খবর অনুযায়ী, বৃহস্পতিবার তাঁর সাক্ষাৎকারও নেওয়া হয়ে গিয়েছে। এ ছাড়াও রমেশ পওয়ার, কনর উইলিয়ামস এবং জেকব মার্টিনের সাক্ষাৎকার নিয়েছে ক্রিকেট পরামর্শদাতা কমিটি (সিএসি)।

৪৮ বছরের জাফর ভারতের হয়ে ৩১টি টেস্ট খেলেছেন। পাঁচটি শতরান-সহ প্রায় ২০০০-এর কাছাকাছি রান রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিশতরান এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে শতরান রয়েছে। কলকাতায় পাকিস্তানের বিরুদ্ধেও দ্বিশতরান করেছেন।

সিএসি-র সদস্য অশোক মলহোত্র এবং যতীন পরাঞ্জপে বেছে নেবেন নতুন নির্বাচক। যদি জাফরকে নেওয়া হয়, তা হলে যে ক’জনের কথা নির্বাচক হিসাবে ভাবা হচ্ছে তাঁদের মধ্যে জাফরই সবচেয়ে বেশি টেস্টখেলিয়ে ক্রিকেটার হবেন।

নির্বাচক কমিটিতে থাকা প্রজ্ঞান ওঝা ২৪টি টেস্ট খেলেছেন। তার চেয়ে বেশি টেস্ট খেলেছেন জাফর। নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী, যে অঞ্চলের নির্বাচক সবচেয়ে বেশি টেস্ট খেলবেন তাঁকেই প্রধান নির্বাচক করা হবে।

জাফরের ক্ষেত্রে হয়তো সেই নিয়ম মানা হবে না। কারণ বোর্ডকর্তারা ওঝাকেই চেয়ারম্যান হিসাবে রেখে দিতে চান। আগরকরের অনুপস্থিতিতে এই মুহূর্তে ওঝাই ভারপ্রাপ্ত প্রধান নির্বাচক। তিনিই ওই পদে কাজ চালিয়ে যেতে পারেন। দু’টি টেস্ট খেলা রমেশ পশ্চিমাঞ্চল থেকে নির্বাচক কমিটিতে আসতে পারেন।

যদিও ক্রিকেটার হিসাবে জাফরের যে অভিজ্ঞতা, তাতে ওঝাকে প্রধান নির্বাচক রাখাটা মুশকিলের। এখন দেখার বোর্ডকর্তা এবং সিএসি সদস্যেরা কী সিদ্ধান্ত নেন।

Wasim Jaffer BCCI Selector

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy