এ মাসের শেষে শুরু হবে ভারতের নিউ জ়িল্যান্ড সফর। আগেই ঘোষণা হয়েছিল টি-টোয়েন্টি দল। শুক্রবার টেস্ট এবং এক দিনের দলও ঘোষিত হল। টেস্ট দলে ফিরেছেন বাংলার আকাশ দীপ। প্রত্যাশামতোই শেষ দুই এক দিনের ম্যাচের জন্য আলাদা দল ঘোষণা করা হয়েছে। ওই সময়ে ভারতের প্রথম সারির ক্রিকেটারেরা টেস্ট সিরিজ়ের প্রস্তুতি নেবেন।
ভারতের কোনও দলের ঘোষণাতেই বিশেষ চমক নেই। নিউ জ়িল্যান্ডের পেস সহায়ক পিচের কথা মাথায় রেখে টেস্ট দলে বাড়তি পেসার নেওয়া হয়েছে। তাই জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণের পাশাপাশি অংশুল কম্বোজও দলে জায়গা পেয়েছেন। যদিও গত বছর ইংল্যান্ডে গিয়ে একটি টেস্ট খেলে মোটেও সাফল্য পাননি কম্বোজ। ১০৮ রান দিয়ে মাত্র একটি উইকেট পেয়েছিলেন। অন্যান্য পেসারদের মতো গতি নেই তাঁর। ফলে ইংরেজ ব্যাটারেরা অনায়াসেই তাঁকে খেলেছিলেন। এ বার নিউ জ়িল্যান্ডে গিয়ে তিনি কী করেন সে দিকে চোখ সকলের। অলরাউন্ডার হিসাবে নীতীশ রেড্ডির খেলার সম্ভাবনা বেশি।
শুভমন এবং রাহুল প্রথম তিনটি এক দিনের ম্যাচ খেলবেন। তার পরেই টেস্টের প্রস্তুতি শুরু করবেন। আগেই এটি জানা ছিল। তাই শেষ দু’টি ম্যাচে কুমার কুশাগ্র, আকিব নবি, যশ ঠাকুরের মতো আনকোরা ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে।
অনেকেই ভেবেছিলেন টেস্ট দলে মহম্মদ শামিকে নেওয়া হতে পারে। কিন্তু শামির শরীর টেস্ট তো দূর, ৫০ ওভারের ক্রিকেট খেলার জন্যও ফিট নয় বলে খবর সূত্রের। তাই তাঁকে দলে বিবেচনা করা হয়নি।
ভারতের টেস্ট দল: শুভমন গিল (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সবাল, দেবদত্ত পডিক্কল, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, অংশুল কম্বোজ, জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, সাই সুদর্শন, নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।
আরও পড়ুন:
-
শনিবার বেঙ্গালুরুতে বৃষ্টির ভ্রূকুটি, ভারত-ওয়েস্ট ইন্ডিজ় পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ কি ভেস্তেই যাবে?
-
১৯ চার, আট ছয়! ১৪৩ বলে ১৭৩, বিনু মাঁকড় ট্রফিতে ব্যাট হাতে তাণ্ডব সহবাগের ছেলের, তবু হারল দল, দ্রাবিড়-পুত্রের ১৫১
-
৯১৮ বলে ৯৮ ছক্কা! ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-টোয়েন্টি সিরিজ়ে দাপট শুধুই ব্যাটারদের, ভেঙেছে একাধিক নজির
প্রথম তিন এক দিনের ম্যাচের জন্য ভারতীয় দল: শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল (উইকেটকিপার), নীতীশ রেড্ডি, অক্ষর পটেল, নমন ধীর, অংশুল কম্বোজ, গুরনুর ব্রার, রুতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিংহ, ঈশান কিশন, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব।
শেষ দুই এক দিনের ম্যাচের জন্য ভারতীয় দল: শ্রেয়স আয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক বর্মা, ঈশান কিশন (উইকেটকিপার, সহ-অধিনায়ক), নীতীশ রেড্ডি, অক্ষর পটেল, নমন ধীর, আকিব নবি, গুরনুর ব্রার, রুতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিংহ, কুমার কুশাগ্র, মহম্মদ সিরাজ, যশ ঠাকুর, কুলদীপ যাদব।