Advertisement
E-Paper

অধিনায়কের সব গুণ ওর মধ্যে আছে! বৈভবের উদাহরণ টেনে শিষ্য অভিষেকের হয়ে সওয়াল গুরু যুবরাজের

নিউ জ়িল্যান্ড সফরের মাঝেই যুবরাজের মনে হয়েছে, ভারতের পরবর্তী অধিনায়ক হিসেবে অভিষেককে তৈরি করা উচিত। তার পক্ষে যুক্তিও দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ১৭:৫৭
cricket

অভিষেক শর্মা। —ফাইল চিত্র।

শিষ্যকে ভারতের টি-টোয়েন্টি দলের সবচেয়ে বড় তারকা করেছেন তিনি। এ বার সেই শিষ্যের অধিনায়কত্বের হয়ে সওয়াল করলেন যুবরাজ সিংহ। তাঁর মতে, অধিনায়ক হওয়ার সব গুণ রয়েছে অভিষেকের মধ্যে। এমনকি, তাঁকে ভারতের এক দিনের দলে নেওয়া উচিত বলেও মনে করেন যুবরাজ।

নিউ জ়িল্যান্ড সফরের মাঝেই যুবরাজের মনে হয়েছে, ভারতের পরবর্তী অধিনায়ক হিসেবে অভিষেককে তৈরি করা উচিত। তিনি বলেন, “ও ভারতের পরবর্তী অধিনায়ক হবে কি না, তা বলা এখনই কঠিন। কিন্তু আমার মনে হয় অধিনায়কের সব গুণ ওর মধ্যে আছে।”

সতীর্থ বৈভব সূর্যবংশীকে অভিষেক যে ভাবে অনুপ্রাণিত করেছেন, সেটাই উদাহরণ হিসেবে টেনেছেন যুবরাজ। তিনি বলেন, “ও তরুণদের অনুপ্রাণিত করে। যে ভাবে ও বৈভবকে অনুপ্রাণিত করেছে, ওর কাঁধে হাত রেখে ভরসা দিয়েছে, তা একজন ভাল অধিনায়কের গুণ।”

তবে ভারতের অধিনায়ক হতে গেলে আগে আইপিএলে অধিনায়কত্ব করতে হবে। সেখানে সফল হতে হবে। তবেই ভারতের অধিনায়ক হওয়ার দৌড়ে আসবে অভিষেক। তেমনটা মনে করেন যুবরাজও। তিনি বলেন, “ভারতের অধিনায়ক হতে গেলে আগে আইপিএলে অধিনায়ক হতে হবে। সেখানে ভাল করলে আত্মবিশ্বাস বাড়বে। নির্বাচকদেরও ভরসা বাড়বে। তবে আমার মনে হয় অভিষেক ভবিষ্যতে ভারতের অধিনায়ক হবে।” যদিও এখনও পর্যন্ত আইপিএলে অধিনায়কত্ব করার সুযোগ অভিষেক পাননি। প্যাট কামিন্সের অবর্তমানে সানরাইজ়ার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিয়েছেন ঈশান কিশন।

শুধু ভারতের টি-টোয়েন্টি দল নয়, এক দিনের দলেও অভিষেককে নেওয়া উচিত বলে মনে করেন যুবরাজ। তাতে ২০২৭ এক দিনের বিশ্বকাপের আগে ভারতেরই সুবিধা হবে বলে মনে করেন তিনি। যুবরাজ বলেন, “ও ৩৫ করুক বা ১০০ করুক, সাদা বলের ক্রিকেটে ও ধারাবাহিক ভাবে রান করছে। এটাই এক দিনের দলে ওকে নেওয়ার সময়। পাশাপাশি ও বলটাও করতে পারে। বিশ্বকাপের আগে এটা নির্বাচক ও কোচিং স্টাফের মাথায় রাখা উচিত।”

India Vs New Zealand Yuvraj Singh Abhishek Sharma India Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy