গৌতম গম্ভীরের মুখে আবার এল ‘ট্রানজ়িশন’ বা রূপান্তরের কথা। টানা চারটি টি-টোয়েন্টিতে হারার পর আবার গম্ভীরের মুখে সেই কথা শোনা গিয়েছে। অন্তত তিন বার ‘রিসেট’ বা নতুন করে শুরুর কথা বলেছেন। অতীতে টেস্ট দলকে নিয়েও একই কথা বলেছিলেন ভারতের কোচ।
ইংল্যান্ডের কাছে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের পর সাংবাদিক বৈঠকে এসেছিলেন গম্ভীর। হারের কারণ জিজ্ঞাসা করা হতে তিনি বলেন, “আমরা ভাল খেলিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে যারা খেলেছিল তার থেকে এখনকার দল অনেক আলাদা। সেটা অধিনায়ক, ওপেনার যে-ই হোক। হার্দিক পাণ্ড্য, জসপ্রীত বুমরাহ নেই। যখন আমরা নতুন করে সব তৈরি করি তখন সময় লাগে। এখন ১৫ বছরের একটা ছেলে (বৈভব) ওপেন করছে। প্রিন্স যাদব সবে দ্বিতীয় ম্যাচ খেলছে। হর্ষিত রানা সবে চোট সারিয়ে ফিরেছে। আমরা খালি ফলাফল নিয়েই চর্চা করি। আন্তর্জাতিক ক্রিকেটে ফলাফল গুরুত্বপূর্ণ তাতে সন্দেহ নেই। কিন্তু বাস্তববাদীও হতে হবে।”
অধিনায়ক হওয়ার পর শ্রেয়স আয়ার একটিও ম্যাচ জেতেননি। ভাল খেলতেও পারেননি। গম্ভীরের মতে, কয়েকটি ম্যাচে হার দেখে গেল-গেল রব তোলার দরকার নেই। তিনি বলেন, “কখনও-সখনও বিপক্ষ আপনার চেয়ে ভাল খেলে। কখনও আপনি পরিবেশ বা পিচ ঠিক করে বুঝতে পারেন না। ম্যাচের পরিস্থিতি বুঝতে পারা খুব দরকার। আমরা আয়ারল্যান্ড সিরিজ় থেকেই সেটা পারছি না। মানিয়ে নিতে পারিনি এখনও। আয়ারল্যান্ড হোক বা ইংল্যান্ড, এটাই বাস্তব। আমাদের উচিত ছিল আরও ভাল করে মানিয়ে নিয়ে ভাল ক্রিকেট খেলা। তা হলে চারটে ম্যাচ হারতাম না।”
সমর্থক এবং দেশবাসীর কাছে সময় চেয়ে নিয়েছেন গম্ভীর। তাঁর আশা, আর কিছু দিন পর এই দলটাই ভাল খেলতে শুরু করবে। তিনি বলেন, “যখন একটা দল নতুন করে তৈরি করা হয়, তখন এ রকম পারফরম্যান্স দেখা যায়। খেলোয়াড়দের উন্নতি করার জন্য সময় দেওয়া দরকার। ইংল্যান্ড খুবই ভাল দল। এ রকম দলের বিরুদ্ধে খেলতে নামলে সময় দিতেই হবে।”
ভারতের কোচ জানিয়েছেন, স্যামসনকে জ়িম্বাবোয়ে দল থেকে বাদ দেওয়া হয়েছে মানেই তিনি আর দলে ফিরতে পারবেন না তা নয়। গম্ভীর জানিয়েছেন, স্যামসনকে বাদ দেওয়ার কারণ স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঘটনাচক্রে, তিনি ইংল্যান্ডেও এখন প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না।
আরও পড়ুন:
-
আর্জেন্টিনার জয়ে পক্ষপাতিত্ব করেছেন রেফারি? বিতর্ক নিয়ে এ বার মুখ খুললেন মেসি
-
৫ ঘণ্টা ১৫ মিনিট! উইম্বলডনের দীর্ঘতম কোয়ার্টার ফাইনাল ম্যাচে জিতলেন জোকোভিচ, সেমিতে সামনে বিশ্বের এক নম্বর সিনার
-
‘চুরি করে জিতেছে আর্জেন্টিনা, ফিফা চায় মেসি বিশ্বকাপে থাকুক’, আর্জেন্টিনার কাছে হেরে ক্ষিপ্ত মিশরের কোচ হাসান
গম্ভীরের কথায়, “সঞ্জুকে যে ব্যাখ্যা দেওয়া দরকার, সেটা দিয়েছি। সেই কথাবার্তা ক্রিকেটার এবং কোচের মধ্যে। আপনাদের সঙ্গে সেটা ভাগ করে নেব না। সঞ্জু ভারতের হয়ে কী করেছে আমরা সকলে জানি। বিশেষ করে বিশ্বকাপে দারুণ খেলেছে। মাঝেসাঝে ক্রিকেটারদের ফর্মও দেখতে হয়। এই সিরিজ়ে ও ফিরবে না এমনটা বলা যাচ্ছে না মোটেই।”
ভারতের কোচ স্পষ্ট করে দিয়েছেন, দল নির্বাচন হবে ফর্ম দেখেই। বলেছেন, “আন্তর্জাতিক ক্রিকেটে ফলাফলই সব কিছু। সেটা পেতে যে দল নির্বাচন করার দরকার, সেটাই করা হবে। আমরা তেমন প্রথম একাদশই গড়ব।”