Advertisement
E-Paper

আইপিএলে আবার গুজরাতে ফিরতে চান হার্দিক, শর্ত দিয়েছেন একটি, শুনেই ‘না’ বলে দিল শুভমনের দল

গুজরাত টাইটান্সকে প্রথম বছরেই আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক হার্দিক পাণ্ড্য। দ্বিতীয় বছরও তাঁর নেতৃত্বে ফাইনালে ওঠে তারা। তার পরই গুজরাত ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে চলে যান বডোদরার অলরাউন্ডার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৬ ১৭:২২
Picture of Cricket

হার্দিক পাণ্ড্য। — ফাইল চিত্র।

পুরনো দল গুজরাত টাইটান্সে ফিরতে চেয়েছিলেন হার্দিক পাণ্ড্য। আগ্রহী ছিলেন গুজরাত টাইটান্স কর্তৃপক্ষও। তবে একটি শর্ত দিয়েছিলেন হার্দিক। সেই শর্তই হার্দিকের গুজরাতে ফেরার সম্ভাবনা বানচাল করে দিয়েছে।

মুম্বই ইন্ডিয়ান্স যে হার্দিককে রাখবে না, তা গত আইপিএলের শেষ দিকেই নিশ্চিত হয়ে গিয়েছিল। গত কয়েক মাস ধরে হার্দিককে নেওয়ার চেষ্টা করছেন চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। কিন্তু মুম্বই কর্তৃপক্ষের প্রস্তাবে রাজি নয় দু’দলই। প্রাক্তন অধিনায়ককে ফিরিয়ে নিয়ে আগ্রহ দেখিয়ে ছিল গুজরাতও। হার্দিক নিজেও পুরনো দলে ফিরতে চেয়েছিলেন। তবে একটি শর্ত দিয়েছেন তিনি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে।

গুজরাতকে প্রথম বছরেই চ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক হার্দিক। দ্বিতীয় বছরও তাঁর নেতৃত্বে ফাইনালে ওঠে তারা। তার পরই গুজরাত ছেড়ে মুম্বইয়ে যান অলরাউন্ডার। মুম্বই কর্তৃপক্ষও রোহিত শর্মাকে সরিয়ে তাঁকে অধিনায়ক করেছিলেন। ২০২২ সাল থেকে কোনও না কোনও দলের অধিনায়ক হিসাবে আইপিএল খেলছেন হার্দিক। নতুন দলেরও নেতৃত্ব চান তিনি। গুজরাত কর্তৃপক্ষকে এই শর্তই দেন। কিন্তু গুজরাত অধিনায়ক পরিবর্তন করতে নারাজ। এখন গুজরাতের অধিনায়ক শু‌ভমন গিল। ভারতের টেস্ট এবং এক দিনের দলেরও অধিনায়ক তিনি। গত মরসুমে শুভমনের নেতৃত্বে ফাইনালে ওঠে গুজরাত। তাঁকে নেতৃত্ব থেকে সরাতে নারাজ গুজরাত কর্তৃপক্ষ। তাতে নতুন সমস্যা হতে পারে। আবার নেতৃত্ব না পেলে হার্দিক ফিরতে নারাজ। এই পরিস্থিতিতে দু’পক্ষের মধ্যে আলোচনা ভেস্তে গিয়েছে।

হার্দিককে নিয়ে আপত্তি নেই শুভমনের। গুজরাত কর্তৃপক্ষ তাঁর সঙ্গে আগেই আলোচনা করে নিয়েছিলেন। কিন্তু হার্দিক ফেরার শর্ত হিসাবে নেতৃত্ব চেয়ে বসায় সমস্যা তৈরি হয়। গুজরাতের কর্তারা হার্দিককে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নেতৃত্ব পরিবর্তন করা হবে না। প্রথমত, গুজরাতের প্রথম বছর থেকে দলে রয়েছেন শুভমন। দ্বিতীয়ত, শুভমন এখন ভারতীয় দলেরও অধিনায়ক। তৃতীয়ত, অধিনায়ক হিসাবে সফল শুভমন। গুজরাতের এক কর্তা বলেছেন, ‘‘হার্দিককে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষের কোনও আপত্তি ছিল না। শুভমনের সঙ্গেও এ নিয়ে কথা হয়। হার্দিককে নিয়ে আপত্তি করেনি শুভমনও। কিন্তু হার্দিকের নেতৃত্বের শর্ত কেউ মানতে চাইছেন না। এই ধরনের শর্ত মানা সম্ভব নয়।’’ অন্য দিকে, হার্দিকের মুখপাত্র বলেছেন, ‘‘ট্রান্সফার, কেনা বা বিক্রির ব্যাপারে আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজ়ির সঙ্গে হার্দিকের সরাসরি কথা হয়নি। সরাসরি কোনও দলের সঙ্গে যদি কথা হয়ে থাকে, সেটা শুধু মুম্বই।’’

হার্দিক আইপিএলের কোন দলে যোগ দেবেন, তা নিয়ে আগ্রহ রয়েছে ক্রিকেটপ্রেমীদেরও। দেশের অন্যতম সেরা অলরাউন্ডার তিনি। একার হাতে ম্যাচের রং বদলে দিতে পারেন। যে কোনও দলই তাঁকে পেতে চাইবে। তবে সম্ভবত গুজরাতে ফেরা হচ্ছে না তাঁর।

IPL Gujarat Titans Hardik Pandya Shubman Gill Mumbai Indians

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy