Advertisement
E-Paper

রাহুল, সুদর্শন, ওয়াশিংটন শূন্য, ব্যর্থ জুরেল, যশস্বীও! ভারত ‘এ’ দলের ইনিংস শেষ ১১৩ রানেই, উদ্বেগ বাড়ালেন ব্যাটারেরা

টেস্ট সিরিজ়ের আগে নিউ জ়িল্যান্ডের পিচ এবং আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ‘এ’ দলে রাখা হয়েছে লোকেশ রাহুল, যশস্বী জয়সবাল, সাই সুদর্শন, ধ্রুব জুরেলদের। নিউ জ়িল্যান্ডের মাটিতে প্রথম ইনিংসেই হতাশ করলেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ১১:৩৬
Picture of Cricket

(বাঁ দিকে) লোকেশ রাহুল এবং যশস্বী জয়সবাল (ডান দিকে)। — ফাইল চিত্র।

নিউ জ়িল্যান্ডের ‘এ’ দলের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় ভারতের ‘এ’ দলের। প্রথম বেসরকারি টেস্টের প্রথম ইনিংসে লোকেশ রাহুল, সাই সুদর্শন-সহ ভারতের পাঁচ ক্রিকেটার আউট হলেন শূন্য রানে। দু’অঙ্কের রান করলেন মাত্র তিন জন স্বীকৃত ব্যাটার। ১১৩ রানেই শেষ হয়ে গেল ভারত ‘এ’ দলের ইনিংস।

টেস্ট দলের আট ক্রিকেটারকে রাখা হয়েছে ‘এ’ দলে। টেস্ট সিরিজ়ের আগে নিউ জ়িল্যান্ডের পিচ এবং আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে তাঁদের। অথচ ৪০ ওভারও ব্যাট করতে পারল না ধ্রুব জুরেলের দল। যশস্বী জয়সবাল, রাহুল, দেবদত্ত পডিক্কল, সুদর্শনের মতো টেস্ট দলের নিয়মিত সদস্যেরা রয়েছেন দলে। কেউই সুইং সামলাতে পারেননি। স্বাভাবিক ভাবেই ভারতীয় ব্যাটিংয়ের হতশ্রী দশা নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দু’টেস্টের সিরিজ়ের আগে উদ্বেগ বাড়াবে কোচ গৌতম গম্ভীরের। বলার মতো ব্যাটিং করেছেন শুধু পডিক্কল এবং যশ রাঠৌর। বাকিরা কিউয়ি বোলিং আক্রমণের সামনে এক রকম আত্মসমর্পণ করেছেন।

ব্যর্থ দুই ওপেনারই। রাহুল শূন্য এবং যশস্বী ১৭ রান করেছেন। তিন নম্বরে নেমে পডিক্কল ৩২ রান করেছেন। চার নম্বরে নেমে সুদর্শন (০) এবং পাঁচ নম্বরে নেমে জুরেলও (১) হতাশ করেছেন। সাত নম্বরে নেমে ওয়াশিংটন সুন্দরও (০) ব্যর্থ। এর মধ্যেই কিছুটা লড়াই করেছেন রাঠৌর। ৪৯ বলে ৪৪ রানের ইনিংস খেলেছেন। ৩টি চার এবং ৩টি ছয়ের মাধ্যমে তাঁর আগ্রাসী ইনিংসের সুবাদেই ১০০ রানের গণ্ডি পেরোয় ভারতীয় ‘এ’ দল। এ ছাড়া অনশুল কম্বোজ ১০ এবং আকিব নবি ৫ রান করেছেন। রান পাননি আকাশদীপ (০) এবং মুকেশ চৌধরিও (০)।

নিউ জ়িল্যান্ডের বোলারদের মধ্যে সফলতম সিমন কিন ২৪ রানে ৫ উইকেট নিয়েছেন। ২৯ রানে ৩ উইকেট জ়্যাক গিবসনের। ২০ রানে ১ উইকেট ক্রিস্টিয়ান ক্লার্কের। ৩৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন ফ্রেসার শিট।

দিনের শেষে নিউ জ়িল্যান্ড ‘এ’ দলের প্রথম ইনিংসের রান ৩ উইকেটে ১৩৫। ২২ রানে এগিয়ে গিয়েছে তারা। অধিনায়ক রিস মারিউ ওপেন করতে নেমে করেছেন ৭৬। অন্য ওপেনার কার্টিস হেপি ৩৭ রানে অপরাজিত রয়েছেন। শেষ বেলায় কিউয়িদের ধাক্কা দিয়েছেন মুকেশ এবং নবি। মারিউকে আউট করেছেন মুকেশ। তিন নম্বরে নামা জায়ডেন লেনক্স (০) এবং চার নম্বরে নামা টিম রবিনসনকে (০) পর পর দু’বলে আউট করেছেন নবি। হেপির সঙ্গে ২২ গজে রয়েছেন ম্যাথিউ বোয়েল (০)। ৩১ রানে ২ উইকেট নবির। মুকেশের ১ উইকেট ৩০ রানে। ভাল বল করলেও উইকেট পাননি কম্বোজ এবং আকাশ। ব্যাটের পর বল হাতেও হতাশ করেছেন ওয়াশিংটন।

KL Rahul Yashasvi Jaiswal Batting Sai Sudharsan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy