Advertisement
E-Paper

হার্দিক ফিট, তবু ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের দলে নেই! নীতীশকে বেশি গুরুত্ব? কারণ ব্যাখ্যা গম্ভীরের

গত আইপিএলের পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি হার্দিক পাণ্ড্য। চোট সারিয়ে তিনি মাঠে নামার জন্য তৈরি। ভারতের ‘এ’ দলে রাখা হয়েছে তাঁকে। তবে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দলে জায়গা হয়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৪
Picture of Cricket

(বাঁ দিক থেকে) হার্দিক পাণ্ড্য, নীতীশ রেড্ডি এবং গৌতম গম্ভীর। — ফাইল চিত্র।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দলে জায়গা হয়নি হার্দিক পাণ্ড্যের। জোরে বোলিং অলরাউন্ডার হিসাবে সুযোগ পেয়েছেন নীতীশ কুমার রেড্ডি। চোট সারিয়ে খেলায় ফিরলেও হার্কিককে এক দিনের দলে না রাখা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। হার্দিককে না নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর।

গত কয়েক মাস ধরেই চোট আঘাতে ভুগছে ভারতীয় ক্রিকেট। একের পর এক ক্রিকেটার একাধিক বার চোট পেয়েছেন। এই পরিস্থিতিতে কাউকে নিয়েই বাড়তি ঝুঁকি নিতে চাইছেন না গম্ভীর। সে কারণেই এক দিনের দলে জায়গা হয়নি হার্দিকের। নেওয়া হয়েছে নীতীশকে।

গম্ভীর বলেছেন, ‘‘আমরা নীতীশকে যত বেশি সম্ভব আন্তর্জাতিক ম্যাচ খেলাতে চাইছি। কারণ ও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা এক দিনের ক্রিকেট হোক বা টি-টোয়েন্টি। ব্যাট এবং বল দুটোই সমান দক্ষতায় করতে পারে, এমন ক্রিকেটার খুব বেশি নেই আমাদের। নীতীশ মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাট করতে পারে। আর কেমন বল করে, সেটা আফগানিস্তান সিরিজ়ে সকলে দেখেছে। প্রথম ম্যাচটায় ভাল পারফর্ম করেনি। তা-ও আমরা ভরসা রেখেছি। আন্তর্জাতিক ক্রিকেটে যথেষ্ট বল করার সুযোগ পাওয়াও জরুরি। পরে দুটো ম্যাচে ভালই তো খেলল।’’

হার্দিকের থেকে নীতীশ বেশি কার্যকর সাদা বলের ক্রিকেটে? গম্ভীর বলেছেন, ‘‘বিষয়টা সে রকম নয়। হার্দিক প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলে ভালই হবে। নীতীশের সঙ্গে হার্দিকও প্রথম একাদশে থাকতে পারে। তাতে আমাদের হাতেই বিকল্প বাড়বে। তবে এই মুহূর্তে হার্দিক ১০ ওভার বল করার মতো অবস্থায় নেই। আইপিএলের পর প্রতিযোগিতামূলক ক্রিকেটও খেলেনি। তাই সরাসরি আমরা ওকে আন্তর্জাতিক ক্রিকেটে নামাতে চাইছি না। তাই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের জন্য ভাবা হয়নি।’’ হার্দিককে নিয়ে গম্ভীর আরও বলেছেন, ‘‘ভারত ‘এ’ দলের হয়ে খেলবে হার্দিক। প্রতিযোগিতামূলক ক্রিকেটের সঙ্গে ধাতস্থ হওয়ার সময় পাবে। ওকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে। ‘এ’ দলের হয়ে সমস্যা ছাড়া খেলতে পারলে, ভারতের সাদা ক্রিকেটের পরিকল্পনায় চলে আসবে। টি-টোয়েন্টির পাশাপাশি এক দিনের ক্রিকেটের জন্যও আমরা ওর কথা ভাবব।’’

নীতীশও চোট সারিয়ে ফিরেছেন। তাঁর উপরও অতিরিক্ত চাপ দিতে চাইছেন না গম্ভীর। তিনি বলেছেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে নীতীশকে রাখা হয়নি। ওকে এক দিনের ম্যাচ বেশি খেলানোর পরিকল্পনা করা হয়েছে। ওকে আমাদের প্রয়োজন। দক্ষিণ আফ্রিকায় জোরে বোলারেরাই গুরুত্বপূর্ণ হবে। হাতে আর এক বছর রয়েছে বিশ্বকাপের আগে। তার আগে নীতীশকে যতটা সম্ভব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে চাই আমরা।’’

গম্ভীর বুঝিয়ে দিয়েছেন, আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখে এক দিনের ক্রিকেটের পরিকল্পনা শুরু করে দিয়েছেন। হার্দিক এবং নীতীশ— দু’জনেই রয়েছেন তাঁর পরিকল্পনায়। তাঁদের ধকলের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন।

Hardik Pandya Fitness Nitish Kumar Reddy Gautam Gambhir ODI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy