Advertisement
E-Paper

৭ নজির! আফগানিস্তানের বিরুদ্ধে শতরানের ইনিংসে রোহিতকে টপকালেন অভিষেক, ছুঁলেন কোহলিকেও

প্রায় একার হাতেই আফগানদের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দলকে জিতিয়েছেন অভিষেক শর্মা। শতরানের ইনিংসে সাতটি নজির গড়েছেন ভারতের ওপেনিং ব্যাটার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৭
Picture of Cricket

অভিষেক শর্মা। ছবি: এক্স।

আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৩৪ বলে ১০৮ রানের ইনিংসে সাতটি নজির গড়েছেন অভিষেক শর্মা। রোহিত শর্মার একটি রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। স্পর্শ করেছেন বিরাট কোহলির একটি নজিরও। আবার নিজের একটি রেকর্ডও ছুঁয়েছেন।

রোহিতকে টপকে দ্রুততম অভিষেক

বৃহস্পতিবারের ম্যাচে ৩০ বলে শতরান পূর্ণ করেন অভিষেক। এত কম বলে আর কোনও ভারতীয় ক্রিকেটার টি-টোয়েন্টি ক্রিকেটে শতরান করতে পারেননি। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫ বলে শতরান করেছিলেন রোহিত। তাঁর রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের মালিক এখন অভিষেক।

টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে দ্রুততম শতরান

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পূর্ণ সদস্য দেশ বা টেস্ট খেলিয়ে দেশগুলির বিরুদ্ধেও দ্রুততম শতরানের নজির গড়েছেন অভিষেক। তিনি ভেঙে দিয়েছেন নিউ জ়িল্যান্ডের ফিন অ্যালেনের নজির। চলতি বছরেই কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৩ বলে শতরান করেছিলেন অ্যালেন। ৩০ বলে শতরান পূর্ণ করে সেই রেকর্ডও ভেঙে দিয়েছেন ভারতীয় ওপেনার।

টেস্ট খেলিয়ে দেশের দ্রুততম শতরান

টেস্ট খেলিয়ে দেশের ব্যাটারদের মধ্যেই অভিষেক দ্রুততম শতরানের নজির গড়েছেন। এত দিন এই নজির যুগ্ম ভাবে জ়িম্বাবোয়ের সিকন্দর রাজা এবং অ্যলেনের দখলে ছিল। অ্যালেনের মতো রাজাও ৩৩ বলে শতরান করেছেন। তিনি ২০২৪ সালে গাম্বিয়ার বিরুদ্ধে ৩৩ বলে শতরান পূর্ণ করেছিলেন।

পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি রান

টি-টোয়েন্টি আন্তর্জাতিকে প্রথম ৬ ওভারে সবচেয়ে বেশি রান করার নজির গড়েছেন অভিষেক। আফগানিস্তানের বিরুদ্ধে পাওয়ার প্লেতে ২২ বলে ৭৬ রান তোলেন তিনি। পর্তুগালের কুলদীপ ঘোলিয়ার বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন অভিষেক। কুলদীপ ২০২৩ সালে মাল্টার বিরুদ্ধে পাওয়ার প্লেতে ২৫ বলে ৭৪ রান করেছিলেন।

অর্ধশতরানের নজির

আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৬ বলে ৫০ রান পূর্ণ করেন অভিষেক। এই নিয়ে ছ’বার ২০ বা তার কম বলে অর্ধশতরান পূর্ণ করলেন। নিজের বিশ্বরেকর্ডকে আরও উন্নত করেছেন তিনি।

কোহলির নজির স্পর্শ

২০ ওভারের ক্রিকেটে ১০টি শতরান হয়ে গেল অভিষেকের। টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলির শতরানের সংখ্যাও ১০। আফগানিস্তানের বিরুদ্ধে অভিষেক স্পর্শ করেছেন কোহলির ভারতীয় রেকর্ড। আর একটি শতরান করলে নতুন ভারতীয় রেকর্ড করবেন।

নিজের ছক্কার নজির স্পর্শ

আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে অভিষেক মোট ২২টি ছক্কা মেরেছেন। কোনও টি-টোয়েন্টি সিরিজ়ে এক জন ভারতীয় ক্রিকেটারের এটাই সবচেয়ে বেশি ছক্কা মারার নজির। ২০২৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়েও ২২টি ছয় মেরেছিলেন অভিষেক। অর্থাৎ নিজের রেকর্ড নিজেই আবার ছুঁয়েছেন।

India vs Afghanistan Abhishek Sharma record T20I Virat Kohli Rohit Sharma

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy