ভারত-নিউ জ়িল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ় শেষ। এ বার পাঁচ ম্যাচের এক দিনের সিরিজ়। আগামী বুধবার, ৪ নভেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে দু’দল। ম্যাচের ৪৮ ঘণ্টা আগেই সম্ভাব্য প্রথম একাদশ ঠিক করে ফেলেছেন গৌতম গম্ভীর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলা প্রথম একাদশে পরিবর্তন করছেন ভারতীয় দলের কোচ।
ভারতীয় শিবির সূত্রে খবর, ব্যাটিং অর্ডারের প্রথম চারটি জায়গা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চাইছেন না গম্ভীর। অধিনায়ক শুভমন গিলের সঙ্গে ইনিংস শুরু করবেন রোহিত শর্মা। তিন নম্বর জায়গা বিরাট কোহলির জন্য নির্দিষ্ট। ব্যাটিং অর্ডারের চার নম্বরে থাকবেন সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে মিডল অর্ডারে খেলেছিলেন রুতুরাজ গায়কোয়াড়। পাঁচ নম্বরে ব্যাট করতেন তিনি। তাঁকে সম্ভবত বুধবার সাজঘরে থাকতে হবে। ব্যাটিং অর্ডার পাঁচ নম্বরে থাকবেন লোকেশ রাহুল। তিনি উইকেটরক্ষকের দায়িত্বও পালন করবেন। ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে খেলার সম্ভাবনা ঈশান কিশনের। দুই অলরাউন্ডার হিসেবে প্রথম একাদশে থাকবেন নীতীশ রেড্ডি এবং নমন ধীর। তাঁরা ব্যাট করবেন যথাক্রমে সাত এবং আট নম্বরে। প্রথম একাদশের শেষ তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের। নিউ জ়িল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্ট খেলছেন মহম্মদ সিরাজ। বুধবার তাঁকে পাওয়া যাবে না। প্রধান জোরে বোলার হিসেবে অর্শদীপ সিংহের খেলার সম্ভাবনাই বেশি। তাঁর সঙ্গে থাকতে পারেন গুরনুর ব্রার এবং আকিব নবি। নেটে নবির বোলিং দেখে উচ্ছ্বসিত কোহলি, রোহিতেরাও। কোনও বিশেষজ্ঞ স্পিনার প্রথম এক দিনের ম্যাচে থাকছেন না।
আরও পড়ুন:
ভারতের সম্ভাব্য একাদশ: শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ঈশান কিশন, নীতীশ রেড্ডি, নমন ধীর, আকিব নবি, অর্শদীপ সিংহ এবং গুরনুর ব্রার।