Advertisement
E-Paper

‘এত চোট লাগলে হয়!’ ইংল্যান্ডের কাছে সিরিজ় হেরে দলের ফিটনেস নিয়ে ক্ষোভ প্রকাশ শুভমনের, চিন্তিত বিশ্বকাপের প্রস্তুতি নিয়েও

চোট না সারায় ইংল্যান্ড সফরে পাওয়া যায়নি হার্দিক পাণ্ড্যকে। চোটের জন্য ছিটকে যান নীতীশ কুমার রেড্ডিও। চোট সারিয়ে দলের ফেরার পর ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে আবার চোট পান হর্ষিত রানা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৬ ১৯:৫২
Picture of Cricket

শুভমন গিল। — ফাইল চিত্র।

হাঁটু ফুলে যাওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে খেলতে পারেননি জসপ্রীত বুমরাহ। তার আগে চোটের জন্য ছিটকে যান ওয়াশিংটন সুন্দর। একের পর এক ক্রিকেটার এ ভাবে চোট পাওয়ায় বিরক্ত শুভমন গিল। ইংল্যান্ডের কাছে এক দিনের সিরিজ় হারের পর দলে চোট-আঘাত বৃদ্ধি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন এক দিনের দলের অধিনায়ক।

আইপিএলের সময় পাওয়া চোট না সারায় ইংল্যান্ড সফরে পাওয়া যায়নি হার্দিক পাণ্ড্যকে। চোটের জন্য ছিটকে যান নীতীশ কুমার রেড্ডিও। চোট সারিয়ে দলের ফেরার পর ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় এক দিনের সিরিজ় থেকে ছিটকে যান হর্ষিত রানাও। এই তালিকায় শেষ দুই সংযোজন ওয়াশিংটন এবং বুমরাহ। একের পর এক চোটের ঘটনায় বিরক্ত এবং হতাশ শুভমন। তাঁর বক্তব্য, চোটের জন্য বার বার প্রথম একাদশ বদলাতে হচ্ছে। প্রভাব পড়ছে পারফরম্যান্সে। ব্যাহত হচ্ছে আগামী বিশ্বকাপের প্রস্তুতিও।

দলের চোট-আঘাত নিয়ে শুভমন বলেছেন, ‘‘সমস্যা তো হচ্ছেই। আপনি যদি আমাদের ঘোষিত প্রথম দল দেখেন, সেই দলের পাঁচ জনকে আমরা শেষ ম্যাচে পাইনি। এক জন খেলোয়াড় চোট পেলেও আপনাকে দলে পরিবর্তন করতে হয়। দু’জনের চোট লাগলে আরও পরিবর্তন করতে হয়। কিন্তু প্রায় প্রতি ম্যাচের পরই যদি কারও না কারও চোট লাগে, তা হলে আমাদের কোথাও ভুল হচ্ছে।’’

শুভমন মেনে নিয়েছেন চোট-আঘাতের কারণে ব্যাহত হচ্ছে আগামী বিশ্বকাপের প্রস্তুতি। ভারতের এক দিনের অধিনায়ক বলেছেন, ‘‘বিশ্বকাপের কথা মাথায় রাখলে আমাদের টানা ১১টা ম্যাচ খেলতে হবে। অথচ আমরা দু’তিন ম্যাচের পুরো সিরিজ়ও এক দল নিয়ে খেলতে পারছি না। আমরা এক টানা ম্যচ খেলতে পারছি না। কোথাও তো একটা ঘাটতি হচ্ছেই।’’

দলের ফিটনেসের মান ক্রমশ শুভমনের উদ্বেগের কারণ হয়ে উঠছে। তিনি বলেছেন, ‘‘দু’একটা ম্যাচ খেলেই কেউ কেউ চোট পেয়ে যাচ্ছে। অল্প চোটের ক্ষেত্রেও অনেক সময় ঝুঁকি নেওয়া যায় না। আমাদের দল বদলাতেই হয়। অনেক সময় ম্যাচের দিন সকালে জানা যাচ্ছে, কারও চোট রয়েছে। জানার পর কী ভাবে ঝুঁকি নেব আমরা?’’ বিরক্ত শুভমন আরও বলেছেন, ‘‘ধরুন আপনি পাঁচ জন বোলার নিয়ে খেলছেন। তাদের মধ্যে কেউ ৮০ শতাংশ ফিট থাকলেও সামাল দেওয়া কঠিন হয়ে যায়। আমার মনে হয়, দল হিসাবে আমাদের ফিটনেস-সহ কিছু ব্যাপারে উন্নতি করতে হবে।’’

ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ় ০-৪ ব্যবধানে হারার পর এক দিনের সিরিজ়ের দিকে তাকিয়ে ছিলেন সমর্থকেরা। জয় দিয়ে শুরু করে আশা বাড়িয়েছিলেন শুভমনেরা। কিন্তু শেষ দু’টি এক দিনের ম্যাচ হেরে সিরিজ় খুইয়েছে শুভমনের দলও।

Shubman Gill Fitness Indian Cricket team Injury ICC ODI World Cup 2027

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy