শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ধ্রুব জুরেল। অর্ধশতরান করার পর স্যালুট করেছেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটার। শতরান করার পর উচ্ছ্বাস প্রকাশের সময় তাঁর হাতে দেখা গিয়েছে একটি ট্যাটু। দিনের খেলা শেষ হওয়ার পর সেই ট্যাটুর ব্যাখ্যা দিয়েছেন জুরেল।
জুরেলের বাঁ হাতের পেশিতে ট্যাটু করে লেখা রয়েছে, ‘জয় জওয়ান, জয় কিসান’। এ নিয়ে জুরেল বলেছেন, ‘‘আমার ঠাকুরদা কৃষক ছিলেন। আর আমার বাবা সেনাবাহিনীতে ছিলেন। আমি নিজের শিকড় ভুলতে চাই না। এই উচ্ছ্বাসটা ওদের জন্যই।’’ ঋষভ পন্থ ব্যাট করার সময় হাতে চোট পেয়েছেন। উইকেট রক্ষা করতে পারছেন না। দীর্ঘক্ষণ ব্যাট করার পরও তাই শ্রীলঙ্কার ইনিংসে উইকেটের পিছনে দাঁড়াতে হচ্ছে জুরেলকে। তাঁর মুখে ব্যাটার পন্থের প্রশংসাই শোনা গিয়েছে, ‘‘পন্থ দুর্দান্ত খেলোয়াড়। ব্যতিক্রমী পরিস্থিতিতে কী ভাবে খেলা উচিত, সে ব্যাপারে ওর কাছেই পরামর্শ নিই।’’
নিজের শতরান নিয়েও জুরেল কথা বলেছেন। তাঁর বক্তব্য, ‘‘সাধারণত আমি উপরের দিকে ব্যাট করি। বড় জুটি তৈরির দিকে নজর থাকে। ভারতের হয়ে খেলতে নামলে পেট গুড়গুড় করে। আজ হয়তো আমি ১০০ করেছি। কাল আবার শূন্য থেকে শুরু করতে হবে।’’ জুরেল বুঝিয়ে দিয়েছেন, শতরান নিয়ে অতিরিক্ত উচ্ছ্বসিত হচ্ছেন না।
আরও পড়ুন:
টেস্টে দু’টি শতরান হয়ে গেল জুরেলের। ১২ নম্বর টেস্ট খেলছেন। ভারতের টেস্ট দলে ক্রমশ নিজের জায়গা পাকা করে নিচ্ছেন উত্তরপ্রদেশের ২৫ বছরের ক্রিকেটার। শতরানের পর জার্সির হাতা গুটিয়ে ট্যাটুটি দেখান তিনি।