এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের চারটি কোয়ার্টার ফাইনালই ভেস্তে গেল। ফলে কোনও ম্যাচ না খেলেই চারটি দল উঠেছে সেমিফাইনালে। সেখানে কে, কার বিরুদ্ধে খেলবে তা-ও চূড়ান্ত হয়ে গিয়েছে।
সোমবার ভারত বনাম আফগানিস্তান ও পাকিস্তান বনাম হংকং ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। আইসিসি ক্রমতালিকায় উপরে থাকায় ভারত ও পাকিস্তান সেমিফাইনালে ওঠে। মঙ্গলবার বাংলাদেশ বনাম মালয়েশিয়া ও শ্রীলঙ্কা বনাম নেপাল ম্যাচও ভেস্তে গিয়েছে।
ক্রমতালিকায় শ্রীলঙ্কা ন’নম্বরে রয়েছে। নেপাল ১৪ নম্বরে। ফলে শ্রীলঙ্কা উঠেছে সেমিফাইনালে। ঠিক একই নিয়মে বাংলাদেশও শেষ চারে জায়গা করে নিয়েছে।
আরও পড়ুন:
সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে নামবে শ্রীলঙ্কা। মহিলাদের ক্রিকেটে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতেছেন হরমনপ্রীত কৌরেরা। এ বার শ্রেয়স আয়ারের সেমিফাইনালেই শ্রীলঙ্কার মুখোমুখি হবেন। অপর সেমিফাইনালে পাকিস্তানের সামনে বাংলাদেশ। দু’টি খেলাই হবে বৃহস্পতিবার।
এ বারের এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের সময় বৃষ্টি ব্যাঘাত ঘটায়নি। কিন্তু পুরুষদের ক্রিকেটে শুরু থেকেই বৃষ্টির প্রভাব পড়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টি হওয়ার কথা। ফলে সেমিফাইনালেও বৃষ্টি ব্যাঘাত ঘটাতে পারে। যদি চারটি কোয়ার্টার ফাইনালের মতো দু’টি সেমিফাইনালও ভেস্তে যায়, তা হলে ভারত ও পাকিস্তান না খেলেই ফাইনালে উঠবে।